শেকৃবি প্রতিনিধি
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ছাত্রলীগের সাবেক পরিবেশ সম্পাদক শাহরিয়ার ফয়সালকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেট এলাকায় ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে চিহ্নিত এক ব্যক্তির সঙ্গে চা খাওয়ার সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করেন শেকৃবি ছাত্রদলের নেতারা। পরে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেট এলাকায় এ ঘটনা ঘটে। শেকৃবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর কবীর শাহরিয়ার ফয়সালকে জিজ্ঞাসাবাদ করেন এবং বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে জানান।
জিজ্ঞাসাবাদের সময় শাহরিয়ার ফয়সালের ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে বিভিন্ন তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে তিনি অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ২০২২ সাল থেকেই ছাত্রলীগের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। জুলাই আন্দোলনে তিনি শিক্ষার্থীদের পক্ষেও ছিলেন বলে জানান।
শাহরিয়ারের সঙ্গে থাকা ব্যক্তি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) আজিজুল হাকিম বলে উল্লেখ করা হয়েছে। তাঁকে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে চিহ্নিত করা হয়। তবে শাহরিয়ার দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেটে চা খেতে গিয়ে ওই ব্যক্তির সঙ্গে তাঁর দেখা হয় এবং তিনি তাঁকে চেনেন না। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, শাহরিয়ার শেকৃবির সাবেক শিক্ষার্থী। চাকরির উদ্দেশ্যে তিনি এখনো বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থান করছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয় এবং অবিলম্বে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে শেকৃবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর কবীর বলেন, “আজ আমাদের জায়গায় ছাত্রলীগ থাকলে এতক্ষণে হাত-পা ভেঙে দিত। আমরা শুধুমাত্র মানবিক কারণ বিবেচনা করে ওনাকে ছেড়ে দিচ্ছি। তাঁর কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া হয়েছে, তিনি আজই ক্যাম্পাস ছেড়ে চলে যাবেন।” বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরফান আলী বলেন, “যেহেতু তিনি এখন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন, তাই তাঁকে শাস্তি দেওয়ার এখতিয়ার আমাদের নেই। তবে তিনি যেহেতু অনৈতিকভাবে হলে বসবাস করছিলেন, তাঁকে আমরা আজ রাতের মধ্যেই হল ত্যাগের আদেশ দিয়েছি এবং সেটা এখনই কার্যকর করেছি।” বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, শাহরিয়ার ফয়সালকে হল ত্যাগ করতে বলা হয়েছে।