মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে আজ দুপুর ২টায় চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। এ সময় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান ইশরাক। সেখানে তিনি দুপুর ২টায় পদত্যাগের বিষয়ে নিজের চূড়ান্ত অবস্থান তুলে ধরার কথা উল্লেখ করেন।
ফেসবুক পোস্টে ইশরাক কিছু মানুষের উল্লাসসূচক পোস্ট নিয়ে আক্ষেপ প্রকাশ করেন। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁরা বিদেশ থেকে দেশে ফিরে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি। পদত্যাগের বিষয়ে ঘোষণা দেওয়ার পাশাপাশি মাদকের বিরুদ্ধে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন ইশরাক। তিনি জানান, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। এ ছাড়া পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার এবং দেশজুড়ে প্রজন্ম দলের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান তিনি।
এর আগে রোববার বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। তবে এ বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। পরে ইশরাক এ খবরকে গুজব বলে অভিহিত করেন এবং বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
গত শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডে রেললাইনসংলগ্ন একটি বস্তিতে মাদকের আস্তানায় অভিযান চালান ইশরাক। এ সময় মাদক কারবারে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন তিনি। অভিযানের সময় তাঁর অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
ওই ঘটনার পর তাঁর পদত্যাগের নির্দেশসংক্রান্ত খবর ছড়িয়ে পড়ে। প্রথমে বিষয়টিকে গুজব বললেও এখন পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার সময় জানানোয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
তবে দুপুর ২টায় ঘোষণার আগে পর্যন্ত তাঁর পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।