সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ঢাকা পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

Date: 2026-10-19
news-banner

ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সবার কথা বাদ দিয়ে অন্তত নিজের সন্তানের জন্য হলেও একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলতে হবে।


সোমবার (১৯ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবন পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।


প্রধানমন্ত্রী বলেন, ‘সবার কথা বাদ দেন, নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি। আসুন, আমরা সবাই মিলে সেই চেষ্টা করি।’

সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে পুরো নগরী পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সন্তান শুধু নিজের বাসার আশপাশে থাকে না; স্কুল, কলেজ, খেলার মাঠসহ শহরের বিভিন্ন জায়গায় যাতায়াত করে। তাই শুধু নিজের এলাকা নয়, পুরো শহরকে পরিচ্ছন্ন রাখতে হবে। ঢাকার অন্যতম বড় সমস্যা আবর্জনা ও অপরিচ্ছন্নতা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ সমস্যা এক দিন বা সাত দিনে সমাধান করা সম্ভব নয়। তবে সবাই আন্তরিকভাবে চেষ্টা করলে ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন আনা সম্ভব।


সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, তাঁরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এ সমস্যা সমাধানের সঙ্গে জড়িত। পরিবর্তন আনতে সময় লাগলেও চেষ্টা অব্যাহত রাখতে হবে। এ জন্য আত্মবিশ্বাস ও সদিচ্ছা সবচেয়ে গুরুত্বপূর্ণ।  কর্মকর্তাদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি বিভিন্ন জায়গায় গেলে সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন। সিটি করপোরেশনের কর্মকর্তারাও যদি একইভাবে সমস্যা চিহ্নিত করে সমাধানে উদ্যোগী হন, তাহলে নগরীর চিত্র বদলানো সম্ভব। যুক্তরাজ্যের লন্ডন শহরের উদাহরণ দিয়ে তারেক রহমান বলেন, ষাট ও সত্তরের দশকেও শহরটির অনেক জায়গায় ময়লা-আবর্জনা ছিল। দীর্ঘদিনের প্রচেষ্টা ও নাগরিক সচেতনতার মাধ্যমে সেখানকার পরিস্থিতির পরিবর্তন হয়েছে।


বিদেশের পরিচ্ছন্ন শহর দেখে শুধু আফসোস না করে নিজেদের দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে।

ঢাকার পরিচ্ছন্নতার পরিস্থিতিতে কিছুটা উন্নতি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার সঙ্গে সাম্প্রতিক কথোপকথনের কথা তুলে ধরেন। তাঁর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে দীর্ঘদিন ধরে ব্যবসা করা ওই কর্মকর্তা ঢাকার পরিচ্ছন্নতা আগের তুলনায় কিছুটা ভালো হয়েছে বলে জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ওই ব্যক্তি ঢাকায় অনেক পরিবর্তন হয়েছে এমনটি বলেননি, বরং কিছুটা উন্নতির কথা বলেছেন। তাঁর মতে, এটিই প্রমাণ করে যে সম্মিলিত প্রচেষ্টায় আরও পরিবর্তন আনা সম্ভব।


নগরীর বিভিন্ন সড়ক ও বর্জ্য ব্যবস্থাপনার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করার কথাও জানান তিনি। কোথাও সড়ক বিভাজক তৈরি হচ্ছে, আবার কোথাও বর্জ্য স্থানান্তর কেন্দ্রের অবস্থার উন্নতি হচ্ছে উল্লেখ করে এসব উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কর্মকর্তা-কর্মচারীদের আত্মসমালোচনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অন্যের সমালোচনার পাশাপাশি প্রত্যেককে নিজের দায়িত্ব পালনের বিষয়েও ভাবতে হবে। নিজের কাজ কতটা সঠিকভাবে করা হচ্ছে এবং সমস্যা সমাধানে কতটা চেষ্টা করা হচ্ছে, তা মূল্যায়ন করতে হবে। এর আগে প্রধানমন্ত্রী নগর ভবনের জরুরি পরিচালন কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি আবহাওয়ার তথ্য, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পসংক্রান্ত হালনাগাদ তথ্য, বাতাসের গতিবেগ, বন্যার পূর্বাভাস এবং বায়ুর মান পর্যবেক্ষণের বিভিন্ন ওয়েবসাইট দেখেন। জরুরি পরিস্থিতির তথ্য কীভাবে পর্যবেক্ষণ করা হয়, সে বিষয়েও খোঁজখবর নেন।


এ ছাড়া ফেসবুকের সরাসরি সম্প্রচারের মাধ্যমে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর উন্নয়ন ও বিভিন্ন কার্যক্রম নিয়ে তৈরি একটি ভিডিওচিত্রও দেখেন তিনি। সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব শহীদুল হাসান উপস্থিত ছিলেন।

advertisement image

Leave Your Comments