আমতলী সরকারি কলেজে ছাত্রাবাস নির্মাণের দাবি শিক্ষার্থীদের

Date: 2026-10-20
news-banner
আবু জিহাদ আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলী সরকারি কলেজে ছাত্রাবাস না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা। অনেকে প্রতিদিন দীর্ঘ পথ পায়ে হেঁটে কলেজে যাতায়াত করছেন। আবার কেউ কেউ বাধ্য হয়ে শহরের ব্যক্তি মালিকানাধীন মেসে থেকে পড়াশোনা করছেন। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের সময় ও অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।

 এ অবস্থায় কলেজটিতে দ্রুত একটি আধুনিক ও পর্যাপ্ত আসনবিশিষ্ট ছাত্রাবাস নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষার্থী, সাবেক শিক্ষক ও স্থানীয় সচেতন মহল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আমতলী সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালে। এ অঞ্চলে উচ্চশিক্ষার প্রসারে কলেজটি প্রতিষ্ঠার পর থেকেই আমতলীসহ আশপাশের বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে শুরু করেন। দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে কলেজ কর্তৃপক্ষ ১৯৭২ সালে কলেজ মাঠের পশ্চিম পাশে ৪০ আসনবিশিষ্ট একটি টিনের ছাত্রাবাস নির্মাণ করে।

 চালুর পর থেকেই ছাত্রাবাসটির সব আসন প্রায় প্রতিবছরই পূর্ণ থাকত।
কিন্তু দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে একসময় ছাত্রাবাসটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। ধীরে ধীরে এর দরজা-জানালা খুলে পড়ে এবং অবকাঠামো দুর্বল হয়ে যায়। পরে ২০১৫ সালের বর্ষা মৌসুমে এক রাতে ছাত্রাবাসটির কাঠামো ভেঙে মাটিতে পড়ে যায়। দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর সম্প্রতি ভবনটি সংস্কার করা হলেও শ্রেণিকক্ষের সংকটের কারণে সেটি এখন শ্রেণিকক্ষ ও পরীক্ষার হল হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে শিক্ষার্থীদের আবাসনের জন্য ছাত্রাবাসটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বর্তমানে কলেজটিতে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী আমতলীর প্রত্যন্ত এলাকা ও আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিদিন কলেজে আসা-যাওয়া করেন। যাতায়াতের দীর্ঘ পথ, সময়ের সীমাবদ্ধতা এবং পরিবহন ব্যয় অনেকের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে শহরে মেস ভাড়া নিয়ে থাকার সামর্থ্য না থাকায় অনেক দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীকে নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে। শিক্ষার্থীদের মতে, আবাসন সংকটের কারণে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ, পড়াশোনায় মনোযোগ এবং পরীক্ষার প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব পড়ছে।

কলেজের সাবেক সহযোগী অধ্যাপক মো. জালাল উদ্দিন বলেন, “আমি ১৯৮৬, ১৯৮৭ ও ১৯৮৮ সালে টানা তিন বছর কলেজের ছাত্রাবাসের সুপার হিসেবে দায়িত্ব পালন করেছি। তখন ছাত্রাবাসের কোনো আসন খালি থাকত না। দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা সেখানে থেকে নিয়মিত পড়াশোনা করত। সে সময় শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশও ভালো ছিল। ছাত্রাবাসটি ভেঙে যাওয়ায় শিক্ষার্থীদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। এ সমস্যা সমাধানে নতুন ছাত্রাবাস নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।”

কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সিয়াম বলেন, “কলেজে ছাত্রাবাস না থাকায় প্রতিদিন বাড়ি থেকে পায়ে হেঁটে কলেজে আসতে হয়। এতে অনেক সময় নষ্ট হয় এবং পড়াশোনায় বিঘ্ন ঘটে। শহরে মেস ভাড়া নিয়ে থেকে পড়াশোনা করার মতো আর্থিক সামর্থ্য আমার নেই। একটি ছাত্রাবাস নির্মাণ করা হলে আমার মতো অনেক শিক্ষার্থী উপকৃত হবে।”

হলদিয়া ইউনিয়ন থেকে আসা জিয়া এবং মরিচবুনিয়া এলাকার জাহিদ ও টেপুরা গ্রামের হাসানও একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন। তাঁদের মতে, দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের জন্য আবাসনের ব্যবস্থা করা গেলে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ সহজ হবে। পাশাপাশি অর্থনৈতিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার সুযোগও বাড়বে। এ জন্য তাঁরা কলেজে একটি আধুনিক ছাত্রাবাস নির্মাণের দাবি জানান।

আমতলী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. ইমরান খান বলেন, “দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী আমতলী সরকারি কলেজ দীর্ঘদিন ধরে এ অঞ্চলের শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ কলেজে একটি ছাত্রাবাস থাকা অত্যন্ত প্রয়োজন। বিশেষ করে দরিদ্র ও দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে ছাত্রাবাস নির্মাণ এখন সময়ের দাবি।”

আমতলী সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী ও আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজ মৃধা বলেন, “ঐতিহ্যবাহী আমতলী সরকারি কলেজে ছাত্রাবাস নেই—এটি অত্যন্ত দুঃখজনক। সাধারণ, দরিদ্র, অসহায় ও দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের পথ সহজ করতে দ্রুত ছাত্রাবাস নির্মাণ করা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানাই।”

আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. জামাল হোসেন বলেন, “শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে কলেজে ছাত্রাবাস থাকা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ছাত্রাবাস নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।”
শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করাও জরুরি। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, নিয়মিত পাঠদান নিশ্চিত করা এবং শিক্ষার মানোন্নয়নে ছাত্রাবাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ অবস্থায় শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে আমতলী সরকারি কলেজে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ছাত্রাবাস নির্মাণে সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসন ও সরকারের প্রয়োজনীয় উদ্যোগ কামনা করেছেন শিক্ষার্থীরা। তাঁদের প্রত্যাশা, দীর্ঘদিনের এ সমস্যার সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে কলেজের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং দূর-দূরান্তের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের পথ সুগম হবে।


advertisement image

Leave Your Comments