পূজামণ্ডপে পুলিশের পোশাকে গান, ক্লোজড এএসআই

Date: 2026-10-21
news-banner

সিলেট প্রতিনিধি: 


সিলেট নগরীর একটি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় পুলিশের ইউনিফর্ম পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করায় শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এক সদস্য। এ ঘটনায় জালালাবাদ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) উদয়ন ফারুককে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট মহানগর পুলিশ কমিশনারের স্বাক্ষরিত এক আদেশে তাঁকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) রাতে সিলেট নগরীর ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এএসআই উদয়ন ফারুক। এ সময় পূজা উদযাপন পরিষদের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশের ইউনিফর্ম পরেই গান পরিবেশন করেন তিনি।


অনুষ্ঠানে তাঁর গান গাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁকে পূজামণ্ডপের মঞ্চে দাঁড়িয়ে জেমসের ‘ওরে ওরে হাওয়া’ গানটি পরিবেশন করতে দেখা যায়। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় 


সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বুধবার খবরের কাগজকে বলেন, ওই পুলিশ সদস্য পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। সরকারি দায়িত্ব পালনকালে অন্য কাজে জড়িয়ে পড়া দায়িত্বে অবহেলার শামিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। পরে তাঁকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য জালালাবাদ থানার সহকারী কমিশনারকে (এসি) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এএসআই উদয়ন ফারুকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

advertisement image

Leave Your Comments