অনলাইন ডেস্ক
গণ-অভ্যুত্থানের মাধ্যমে এক স্বৈরাচারের পতন হলেও দেশে নতুন করে স্বৈরাচারের উত্থান ঘটছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, হাজারো মানুষের রক্তের বিনিময়ে অর্জিত গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নস্যাৎ করার চেষ্টা চলছে। তবে পতিত স্বৈরাচার ও নব্য স্বৈরাচার—দুই শক্তিকেই পরাজিত করা হবে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, গত এক সপ্তাহ ধরে এনসিপির নেতারা ঢাকার বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। এসব আলোচনায় গ্যাস ও বিদ্যুৎ সংকট, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, সন্ত্রাস ও রাহাজানির কারণে মানুষের দুর্ভোগের চিত্র উঠে এসেছে। দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ—সবাই এসব সমস্যার শিকার হচ্ছেন। পাশাপাশি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান দলীয়করণের শিকার হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাগরিকদের নিরাপত্তা দিতে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, এ ব্যর্থতার সবচেয়ে বেশি দায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ওপর বর্তায়। তাঁর অভিযোগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পরিবর্তে মন্ত্রী সংবিধান সংশোধনের কাজে ব্যস্ত রয়েছেন।
সমাবেশ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জুলাই সনদের প্রতিশ্রুতি অনুযায়ী অনুষ্ঠিত গণভোটে ৭০ শতাংশ মানুষ ভোট দিয়েছিলেন। কিন্তু সেই গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন তাঁরা। একই সঙ্গে দায়িত্ব পালনে ব্যর্থতার দায় নিয়ে জ্বালানিমন্ত্রীকেও পদ ছাড়তে হবে।
সংবিধান সংস্কারের জন্য গঠিত একতরফা কমিটি বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, অবিলম্বে ওই কমিটি ভেঙে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। জুলাই সনদ ও গণভোটের অন্যতম প্রতিশ্রুতি ছিল এই পরিষদ গঠন। কিন্তু নির্বাচনের পর প্রথম দিন থেকেই বিএনপি সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বলে অভিযোগ করেন তিনি।
বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি নিয়েও সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তাঁর অভিযোগ, জুলাই সনদ, ৩১ দফা ও নির্বাচনি ইশতেহারে দেওয়া অঙ্গীকার থেকে দলটি সরে যাচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশ পরিচালনার বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা নেই বলেও মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলামের দাবি, বিএনপির বর্তমান পরিকল্পনা দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারত্ব প্রতিষ্ঠাকে ঘিরে।
আগামী ডিসেম্বরে পতিত স্বৈরাচার দেশে ফিরতে পারে—এমন আলোচনা রয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার সেই শক্তিকে মোকাবিলা করতে পারবে না। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ দীর্ঘ ১৬ বছরেও জনগণকে নিরাপত্তা দিতে পারেনি। অতীতে বিএনপিও আওয়ামী লীগের হাত থেকে জনগণকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এমনকি দলটি নিজেদের নেতাকর্মীদের নিরাপত্তাও নিশ্চিত করতে পারেনি। দেশের তরুণ সমাজ ও জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, মুজিববাদী ফ্যাসিবাদী শক্তি এবং দুর্নীতিবাজ মাফিয়া সরকারের বিরুদ্ধে সবাইকে রাজপথে নামতে হবে।
বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। এ প্রসঙ্গে তিনি সীমান্তে হত্যা, পার্বত্য অঞ্চলে অশান্তি সৃষ্টি এবং ভারতের বিভিন্ন এলাকায় মুসলমানদের ওপর নিপীড়নের বিষয় তুলে ধরেন। আসাম ও পশ্চিমবঙ্গে মুসলমানদের নির্যাতন এবং দিল্লিতে মসজিদ ভেঙে দেওয়ার প্রসঙ্গও উল্লেখ করেন তিনি। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে ঘিরেও ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম।
সমাবেশে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির দুই নেতার অংশগ্রহণের ঘোষণা দেন তিনি। নাহিদ ইসলাম জানান, ঢাকা মহানগর দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তরে আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন।
ঢাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, নগরবাসী বর্তমানে সন্ত্রাস, দখলদারত্ব ও নানা ধরনের নৈরাজ্যের মধ্যে দিন কাটাচ্ছেন। এসব দুর্ভোগ থেকে মুক্তি দিতে এনসিপি দুই নেতাকে সামনে নিয়ে আসছে। নির্বাচনে তাঁরা জয়ী হলে ঢাকা মহানগরবাসীর সমস্যা সমাধানে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারীকে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে আগেরবার পরাজিত করা হয়েছিল বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। এবার তাঁকে হারতে দেওয়া হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অন্যদিকে, আসিফ মাহমুদকে পরিকল্পিতভাবে নির্বাচনের বাইরে রাখার মাধ্যমে গণ-অভ্যুত্থানের শক্তিকে নিঃশেষ করার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। তবে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এ ধরনের প্রচেষ্টার সঙ্গে জড়িত ব্যক্তিরা পরাজিত হবেন বলে মন্তব্য করেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদের নেতৃত্বে ঢাকা মহানগরবাসীর অধিকার ও দাবি আদায়ে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং গণ-অভ্যুত্থানের নেতাকর্মীরা মাঠে থাকবেন বলেও জানান নাহিদ ইসলাম।