পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু, আহত কয়েকজন

Date: 2026-10-30
news-banner

পাবনা সদর প্রতিনিধি

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলে বজ্রপাতে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বিলে মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা গ্রামের রবিউলের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের ইসমাইলের ছেলে রব্বেল (২২), শাহজাহানের ছেলে মিজান (১২), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১০), শাহাদুলের ছেলে আবদুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে একদল মানুষ সোনাপাতি বিলে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টি শুরু হলে কয়েকজন একটি পলিথিনের তৈরি অস্থায়ী ঘরে আশ্রয় নেন। হঠাৎ সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে আরও দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। এদিকে, নিহতদের মরদেহ উদ্ধার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

advertisement image

Leave Your Comments