ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে অনিয়মের অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জামায়াতের

Date: 2026-10-29
news-banner

অনলাইন ডেস্ক

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটারদের বাধা দেওয়া, ভয়ভীতি প্রদর্শন, নির্বাচনী এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, ব্যালট বইয়ের মুড়িতে আগাম সিল ও স্বাক্ষর এবং অর্থ বিতরণের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব অভিযোগের পরও নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করাকে বাস্তবতাবিবর্জিত মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।মিয়া গোলাম পরওয়ার বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে নির্বাচনের ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া, ভোট দিতে গিয়ে আগেই ভোট দেওয়া হয়ে গেছে বলে জানতে পারা এবং নির্বাচনী এজেন্টদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার মতো ঘটনা ঘটেছে বলে তাঁরা তথ্য পেয়েছেন।

তিনি বলেন, এসব অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান না হওয়ায় তাঁরা উদ্বিগ্ন। নির্বাচন কমিশন, ঠাকুরগাঁওয়ের রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ভোটগ্রহণের বাকি সময়ে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

জামায়াতের এই নেতা বলেন, নির্বাচনের আগে তাঁদের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে নয় দফা লিখিত অভিযোগ ও তিনটি দাবি জানিয়েছিল। পরে ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকেও নির্বাচন কমিশনের কাছে অনিয়মের অভিযোগ তুলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। তবে এসব অভিযোগের কার্যকর প্রতিকার পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইরুজ ইসলামের বিরুদ্ধেও নির্দিষ্ট একটি দলের প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ তোলেন গোলাম পরওয়ার। নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করতে তাঁকে দায়িত্ব থেকে সরানোর দাবি জানানো হলেও তা কার্যকর হয়নি বলে তিনি উল্লেখ করেন।

ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে তিনি বলেন, একজন নারী ভোট দিতে গিয়ে জানতে পারেন, তাঁর ভোট আগেই দেওয়া হয়ে গেছে। এ ধরনের ঘটনার ভিডিও প্রকাশিত হয়েছে বলেও দাবি করেন তিনি। গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, হিন্দু সম্প্রদায়ের ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি করা হয়েছে। সরকারি চাকরিজীবী ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করলে চাকরিতে সমস্যায় পড়তে পারেন—এমন ইঙ্গিত দিয়ে চাপ প্রয়োগ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, নির্ধারিত সময়ের আগে প্রচারণা চালানো এবং ধানের শীষ প্রতীক রঙিনভাবে ব্যবহারের অভিযোগের ছবি নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছিল। এ ছাড়া জামায়াতের নেতাকর্মীদের মারধর, নারী ভোটারদের বাধা দেওয়া এবং নির্বাচনী এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের পরিচয়পত্র না থাকা এবং ব্যালট বইয়ের মুড়িতে আগাম সিল ও স্বাক্ষর থাকার অভিযোগও করেন গোলাম পরওয়ার। তাঁর ভাষ্য, কয়েকটি কেন্দ্রে প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের পরিচয় শনাক্তের প্রয়োজনীয় ব্যাজ দেখা যায়নি। পাশাপাশি কিছু ব্যালট বইয়ের মুড়িতে আগাম সিল ও স্বাক্ষর করে রাখার তথ্য পেয়েছেন তাঁরা। এসব ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

নির্বাচনী এলাকায় অর্থ বিতরণের অভিযোগও তোলেন জামায়াতের এই নেতা। তাঁর মতে, এসব অনিয়মের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত না করা হলে ভবিষ্যতের স্থানীয় সরকার নির্বাচনগুলোর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন দেখা দিতে পারে।

ভোটকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েনের প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা বেশি থাকলেই নির্বাচন নিরপেক্ষ হবে, এমন নিশ্চয়তা নেই। তবে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, জাল ভোট প্রতিরোধ এবং কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী কার্যকর ভূমিকা রাখতে পারত বলে তিনি মনে করেন।সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার উপস্থিত ছিলেন।


advertisement image

Leave Your Comments