বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, মানতে হবে নির্ধারিত মাপ

Date: 2026-10-16
news-banner


মোটরসাইকেলের সামনের দিকেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত নিয়ম মেনে সামনের নম্বরপ্লেট লাগাতে হবে মালিকদের। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


শুক্রবার (১৬ অক্টোবর) বিআরটিএর জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে আরএফআইডিযুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট থাকার বিধান রয়েছে। তবে ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি আরও জোরদার করতে এবার মোটরসাইকেলের সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেলের মালিকদের নিজ উদ্যোগে নির্ধারিত শর্ত মেনে সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে।


বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, সামনের নম্বরপ্লেট স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। প্লেটের পটভূমি হবে সাদা এবং এর ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। নম্বরপ্লেটে কোনো ধরনের নকশা বা অতিরিক্ত সাজসজ্জা করা যাবে না। স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের জন্য নম্বরপ্লেটের মাপও নির্ধারণ করে দেওয়া হয়েছে।


স্কুটারের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অন্যদিকে, স্কুটার ছাড়া সাধারণ মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। উভয় ধরনের নম্বরপ্লেটেই অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।


বিআরটিএ মোটরসাইকেলের সব মালিককে নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা অনুসরণ করে সামনের নম্বরপ্লেট লাগানোর আহ্বান জানিয়েছে। এ সময়সীমার মধ্যে নম্বরপ্লেট না লাগালে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা, যানবাহন শনাক্ত করা এবং সড়কে নজরদারি জোরদার করার লক্ষ্যেই মোটরসাইকেলের সামনের দিকে নম্বরপ্লেট লাগানোর এ নির্দেশনা দেওয়া হয়েছে।

advertisement image

Leave Your Comments