আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি’, প্রশ্ন শফিকুর রহমানের

Date: 2026-10-20
news-banner

নিজেস্ব প্রতিবেদক


পুলিশের একজন উপমহাপরিদর্শকের (ডিআইজি) মালিকানাধীন বাড়ি থেকে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৮৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার এবং মাদক উদ্ধারের ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে চাঁদাবাজি, ছিনতাই, লুণ্ঠন ও ডাকাতি দমনে সরকারের ভূমিকার সমালোচনা করেন তিনি।


ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, বাংলাদেশ পুলিশের কর্মরত একজন ডিআইজির মালিকানাধীন বাড়ি থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৮৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকও উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

ঘটনাটিকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির উদাহরণ হিসেবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, “এখান থেকেই বোঝা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে।”


তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলাবিরোধী ও অসামাজিক কার্যকলাপের পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাই, লুণ্ঠন ও ডাকাতি মারাত্মক আকার ধারণ করেছে।

পোস্টে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের দুর্ভোগ এবং গ্যাস ও বিদ্যুৎ সংকটের বিষয়টিও তুলে ধরেন বিরোধীদলীয় নেতা। তাঁর অভিযোগ, এসব জনদুর্ভোগ নিরসন এবং অপরাধ দমনে মনোযোগ দেওয়ার পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত রয়েছে।


পোস্টের শেষাংশে “হায় সেলুকাস! আমাদের এই বাংলাদেশ!” মন্তব্য করে তরুণদের আবারও জেগে ওঠার আহ্বান জানান ডা. শফিকুর রহমান। তবে ডিআইজির মালিকানাধীন বাড়ি থেকে গ্রেপ্তার ও মাদক উদ্ধারের বিষয়ে তাঁর ফেসবুক পোস্টে দেওয়া তথ্যের বাইরে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য এখানে পাওয়া যায়নি।

advertisement image

Leave Your Comments