জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠনের উদ্যোগ, থাকছেন বিভিন্ন পেশার বিশেষজ্ঞরা
নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজেদের নীতিনির্ধারণী কার্যক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ব্যক্তিদের যুক্ত করতে উপদেষ্টা পরিষদ গঠনের উদ্যোগ নিয়েছে। সরাসরি দলের সাংগঠনিক রাজনীতির সঙ্গে যুক্ত নন, তবে বিভিন্নভাবে পরামর্শ ও সহযোগিতা দিয়ে থাকেন—এমন ব্যক্তিদের এই পরিষদে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
দল-সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, নীতিগত বিভিন্ন বিষয়ে জামায়াতকে পরামর্শ দেওয়াই হবে প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের মূল কাজ। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
জামায়াতসংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়ে আলোচনা শুরু হয়। জাতীয় সংসদ নির্বাচনের পর এ উদ্যোগ নিয়ে আলোচনা আরও গতি পায়। গত জুনে দলের সর্বশেষ মজলিশে শুরার বৈঠকেও বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হয়। সেখানে পরিষদ গঠনের প্রয়োজনীয়তা, প্রেক্ষাপট ও সম্ভাব্য কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়।
দলটি এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় না। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও মজলিশে শুরার পরবর্তী বৈঠকে পরিষদের কাঠামো, সদস্য নির্বাচন এবং দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম প্রথম আলোকে বলেন, উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আগামী শুরার বৈঠকে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, পরবর্তী মজলিশে শুরার বৈঠকে বিষয়টি আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দলের আমির শফিকুর রহমানের। সেখানে আলোচনা ও সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হলে গঠনতন্ত্রে এ বিষয়ে আলাদা ধারা বা উপধারা যুক্ত করা হতে পারে।
জামায়াতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রস্তাবিত পরিষদে সাবেক আমলা, ব্যবসায়ী, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, কূটনৈতিক বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার চিন্তা রয়েছে। দলের শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদের মধ্য থেকেও কাউকে কাউকে উপদেষ্টা পরিষদে রাখার প্রস্তাব রয়েছে।
দলটির নেতাদের ভাষ্য, জামায়াতের সাংগঠনিক কাঠামোর কারণে এমন অনেক ব্যক্তি রয়েছেন, যাঁরা দলটির রাজনৈতিক অবস্থানকে সমর্থন করেন বা বিভিন্নভাবে সহযোগিতা করেন; কিন্তু আনুষ্ঠানিকভাবে দলের সাংগঠনিক প্রক্রিয়ায় যুক্ত নন। তাঁদের অভিজ্ঞতা ও জ্ঞান নীতিনির্ধারণে কাজে লাগাতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
পরিষদের সদস্যরা সরাসরি সাংগঠনিক দায়িত্ব পালন না করলেও গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে দলকে পরামর্শ দিতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। ভবিষ্যতে জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ পরিচালনার বিভিন্ন ক্ষেত্রেও তাঁদের অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে বলে দল-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে পরিষদের সদস্যসংখ্যা, সদস্য বাছাইয়ের পদ্ধতি, দায়িত্ব ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার সঙ্গে এর সম্পর্ক—এসব বিষয় এখনো চূড়ান্ত হয়নি।
উপদেষ্টা পরিষদ গঠনের উদ্যোগের পাশাপাশি দলীয় গঠনতন্ত্রের বেশ কিছু ধারা সংশোধনের প্রক্রিয়াও চলছে। সর্বশেষ মজলিশে শুরার বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
প্রস্তাবিত সংশোধনীগুলোর মধ্যে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানো এবং বিভিন্ন সাংগঠনিক ধারা পরিমার্জনের বিষয় রয়েছে। জামায়াতের নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী, সংশোধনীর প্রস্তাবগুলো প্রথমে সংশোধনী কমিটি, এরপর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এবং সবশেষে মজলিশে শুরায় বিবেচনার জন্য তোলা হচ্ছে। চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর সংশোধিত বিষয়গুলো দলীয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উপদেষ্টা পরিষদ গঠন ও গঠনতন্ত্র সংশোধনের এসব উদ্যোগের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ এবং দলীয় নীতিনির্ধারণী কার্যক্রমকে আরও কার্যকর করার পরিকল্পনা করছে জামায়াতে ইসলামী।