চকবাজারে মার্কেটে আগুন, ৯ ইউনিট নিয়েও নিয়ন্ত্রণে আনতে হিমশিম

Date: 2026-10-12
news-banner

চকবাজারে মার্কেটে আগুন, ৯ ইউনিট নিয়েও নিয়ন্ত্রণে আনতে হিমশিম

নিজস্ব প্রতিনিধি


রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। তবে প্রচণ্ড ধোঁয়া ও সরু রাস্তার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকর্মীদের।


সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে প্রথমে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি মোকাবিলায় পরবর্তী সময়ে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ৯টি করা হয়।


ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, ভবনের ভেতরে তেমন আগুন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। সরু রাস্তার কারণে আগুন নেভানোর কাজে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এখন পর্যন্ত ভবনের ভেতরে কেউ আটকে থাকার খবর পাওয়া যায়নি।


স্থানীয় বাসিন্দারা জানান, আগুনের শিখা ছড়িয়ে পাশের একটি ভবনেও আগুন লাগে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত সোয়া ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনতে উদ্ধার ও নির্বাপণ কার্যক্রম অব্যাহত ছিল। 


ঘটনাস্থলে পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

advertisement image

Leave Your Comments