নিজস্ব প্রতিবেদক কক্সবাজার
কক্সবাজারের ইনানী পাটুয়ারটেক এলাকার জনপ্রিয় 'টুপটুপ রেস্টুরেন্ট এন্ড রেস্ট হাউস'-এ আজ সকাল ৭ ঘঠিকার সময় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ ছড়িয়ে পড়া এই আগুনে পুরো স্থাপনাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় রেস্টুরেন্ট ও রেস্ট হাউসে পর্যটকসহ অনেক মানুষ অবস্থান করছিলেন। তাৎক্ষণিকভাবে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ায় অনেকে বের হয়ে আসতে পারলেও শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা ও উদ্ধারকর্মীরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় উদ্ধারকাজ ও আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং হতাহতের বা নিখোঁজদের কোনো নিশ্চিত সরকারি পরিসংখ্যান পাওয়া যায়নি।
উদ্ধার অভিযান শেষ হলে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং নিখোঁজদের প্রকৃত অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।