নেহার মুক্তি, এখনও নিখোঁজ দিপক সন্ধান চায় সিজেপি

Date: 2026-10-17
news-banner

আন্তর্জাতিক ডেস্ক


ভারতের রাজধানী দিল্লিতে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে পুলিশ। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁকে আটকের পর অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে তাঁর দল।


দিল্লি পুলিশ জানিয়েছে, দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারায় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে নেহা বোরাকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬/১৭০ ধারায় ব্যবস্থা নেওয়ার পর দিপকেকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।


তবে সিজেপির দাবি, দিপকেকে আটকের আট ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও তাঁর অবস্থান সম্পর্কে দলের নেতারা কিছু জানতে পারেননি। তাঁকে আইনজীবী কিংবা দলের সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন দলের নেতৃত্বের দায়িত্বে থাকা অজিঙ্কা শিন্ডে। কী কারণে তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়েও দলকে কিছু জানানো হয়নি বলে দাবি তাঁর।


শুক্রবার নয়াদিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে একটি প্রতিবাদ কর্মসূচি শুরুর আগে দিপকেকে তাঁর বাসা থেকে আটক করে পুলিশ। এক সপ্তাহের মধ্যে এটি তাঁকে দ্বিতীয়বার আটকের ঘটনা। একই দিন যন্তর মন্তরের কাছ থেকে আটক করা হয় আইসা নেত্রী নেহা বোরাকে। এর আগে ১০ অক্টোবরও তাঁকে আটক করা হয়েছিল। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।


এ ছাড়া সিজেপির আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়েছে। তাঁরা পাঁচ দিনের কারা হেফাজতে রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দিল্লিতে ফিরে কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘লেহরা দো তেরঙ্গা’ মার্চ আয়োজনের ঘোষণা দিয়েছিলেন দিপকে। শুক্রবার বিকেলে কর্মসূচিটি হওয়ার কথা ছিল। তবে কর্মসূচি শুরুর কয়েক ঘণ্টা আগে দিল্লি পুলিশ তাঁকে নোটিশ পাঠিয়ে প্রতিবাদ কর্মসূচি আয়োজন না করার নির্দেশ দেয়।


প্রতিবেদন অনুযায়ী, করোলবাগে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (শারদ পাওয়ার) মুখপাত্র অনীশ গাওয়ান্ডের বাসা থেকে দিপকেকে আটক করা হয়। একই সময়ে কনট প্লেসে জমায়েত হওয়া লোকজনকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। দিপকের বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপ এবং তাঁকে আটকের পরিস্থিতি নিয়ে সিজেপির পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের বক্তব্য এবং দিপকের বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

advertisement image

Leave Your Comments