আন্তর্জাতিক ডেস্ক
ভারত ও চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ তৈরি করা একটি বিতর্কিত আইনের প্রয়োগ আপাতত স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘জাতীয় স্বার্থের’ কথা উল্লেখ করে নির্বাহী আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফলে আপাতত বড় ধরনের শুল্কের চাপ থেকে রেহাই পেল ভারত ও চীন।
শনিবার (১৭ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত মাসে ট্রাম্প ‘লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের একটি বিলে স্বাক্ষর করেন। ওই আইনের আওতায় রাশিয়ার তেল কেনা শীর্ষ পাঁচ দেশ—ভারত, চীন, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও আজারবাইজান থেকে আমদানি করা পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছিল।
এ জন্য ৩০ দিনের সময়সীমা দেওয়া হয়, যার মেয়াদ ১৮ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার এক দিন আগে, শুক্রবার (১৬ অক্টোবর) রাতে নির্বাহী আদেশ জারি করে আইনটির প্রয়োগ সাময়িকভাবে স্থগিত করেন ট্রাম্প। এই স্থগিতাদেশ স্থায়ী নয়। ভবিষ্যতে পরিস্থিতি বিবেচনায় নিয়ে আবারও শুল্ক আরোপের উদ্যোগ নিতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের সিদ্ধান্তে আপাতত ১০০ শতাংশ শুল্কের আশঙ্কা থেকে স্বস্তি পেয়েছে ভারত। এর আগে দেশটি জানিয়েছিল, ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ভারত সতর্ক করেছিল, এ ধরনের শুল্ক দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি বাজারেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এদিকে রাশিয়ার বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক অবস্থান নিয়েও আলোচনা চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর কঠোর শুল্ক আরোপের আইন তৈরি হলেও তা কার্যকরে অনাগ্রহ দেখাচ্ছেন ট্রাম্প। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ডিজেল সরবরাহের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নতুন একটি চুক্তি করেছে তাঁর প্রশাসন।
চুক্তির আওতায় প্রথম দফায় যুক্তরাষ্ট্রের ৩ লাখ টন ডিজেল পাওয়ার কথা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার এই ডিজেল চুক্তির সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি একে ‘দুর্বল সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন। জবাবে ট্রাম্প বলেন, যুদ্ধের অবসান ঘটিয়ে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছেন জেলেনস্কি। এ কারণে ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট বা নেতা বেছে নেওয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্পের শুল্ক স্থগিতের সিদ্ধান্তে আপাতত ভারত ও চীনের ওপর সম্ভাব্য বাণিজ্যিক চাপ কমলেও রাশিয়ার তেল বাণিজ্য, ইউক্রেন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি নীতিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।