চাঁদাবাজির মতো গুরুতর অপরাধের বিরুদ্ধে কঠোর ও দ্রুত ব্যবস্থা নিতে নতুন আইনি কাঠামো তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, নতুন এই আইনের মাধ্যমে পুলিশ নিজস্ব প্রক্রিয়ায় তথ্য-প্রমাণের ভিত্তিতে মামলা করে আইনি পদক্ষেপ নিতে পারবে। আগামী কিছুদিনের মধ্যেই আইনটি বাস্তবায়নের উদ্যোগ দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে আয়োজিত বিভাগের কমিউনিটি পুলিশিংবিষয়ক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইজিপি।
পুলিশপ্রধান বলেন, গত ১৭ বছরের প্রশাসনিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে পুলিশ ও জনগণের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয়েছিল। জনগণের আস্থা পুনরুদ্ধার করে একটি দায়িত্বশীল ও কার্যকর পুলিশ বাহিনী হিসেবে সমাজে শান্তি প্রতিষ্ঠা করাই পুলিশের প্রধান লক্ষ্য। তিনি জানান, বর্তমানে দেশজুড়ে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিশেষ যৌথ অভিযান চলছে। একই সঙ্গে পুলিশি কার্যক্রমে আরও গতিশীলতা আনতে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আইনি সংস্কার প্রক্রিয়া চলমান রয়েছে। কমিউনিটি পুলিশিংকে পুলিশের একটি প্রাতিষ্ঠানিক শাখা হিসেবেও পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আইজিপি বলেন, অপরাধ দমন ও আইন প্রয়োগের ক্ষেত্রে নানা জটিলতা রয়েছে। তবে সব পক্ষকে সঙ্গে নিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমাজকে দুর্নীতি ও মাদকমুক্ত রাখতে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সব জটিলতা কাটিয়ে ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করা হবে।
চাঁদাবাজির সঙ্গে প্রভাবশালী ব্যক্তি বা সন্ত্রাসী গোষ্ঠীর যোগসাজশ থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ভয়ের কারণে অনেক সময় সাধারণ মানুষ প্রকাশ্যে অভিযোগ করতে বা সাক্ষ্য দিতে চান না। এ পরিস্থিতিতে পুলিশ যাতে নিজস্ব প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ ও তথ্যের ভিত্তিতে সরাসরি মামলা করে আইনি ব্যবস্থা নিতে পারে, সে লক্ষ্যেই নতুন আইন প্রণয়নের কাজ চলছে।
আইজিপি আশা প্রকাশ করেন, আগামী কিছুদিনের মধ্যেই নতুন আইনের বাস্তবায়ন দেখা যাবে।