অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ

Date: 2026-10-25
news-banner

অনলাইন ডেস্ক


নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ এবং ইউনিয়ন পরিষদের সীমানা নিয়ে সম্ভাব্য জটিলতা এড়াতে ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ রাখতে দেশের সব জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।


রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে এ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনার অনুলিপি বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকারের উপপরিচালক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।


নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১১ ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদ বিভক্তকরণের নীতিমালা এবং পুনর্গঠন ও বিভক্তকরণ-সংক্রান্ত সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।


এ ছাড়া ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর জারি করা ইউনিয়ন পরিষদ বিভক্তকরণের নীতিমালা-সংক্রান্ত স্মারক এবং ২০১৪ সালের ৯ ডিসেম্বর জারি করা ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ-সংক্রান্ত স্মারকের আওতায় পরিচালিত কার্যক্রমও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন করা, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সমন্বয় বজায় রাখা এবং ইউনিয়ন পরিষদের সীমানা পরিবর্তন ঘিরে সম্ভাব্য জটিলতা এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত দেশের কোথাও ইউনিয়ন পরিষদ পুনর্গঠন বা বিভক্তকরণ-সংক্রান্ত নতুন কার্যক্রম পরিচালনা করা যাবে না।

advertisement image

Leave Your Comments