অনলাইন ডেস্ক:
টঙ্গীতে মাদরাসার এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ এবং শিক্ষককে মারধরের ঘটনায় আলোচনায় আসা শিশুটির বাবা শাহজালাল রুমি দেশেই রয়েছেন। তাঁর বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা ও ১৭ লাখ টাকা চুরির অভিযোগে করা মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রুমির আইনজীবী এইচ এম রুহুল আমীন মোল্লা (হাসান) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আইনি সহায়তা নিতে সোমবার রাতে রুমি তাঁর চেম্বারে দীর্ঘ সময় অবস্থান করেন। টঙ্গী পশ্চিম থানায় করা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। তবে আবেদনের শুনানির দিন এখনো নির্ধারণ করা হয়নি।
গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় মাদরাসার শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে মারধর করেন শিশুটির বাবা শাহজালাল রুমি। পরে ওই শিক্ষককে পুলিশের কাছে সোপর্দ করা হয়। শিক্ষককে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর শিশুটিকে যৌন নিপীড়নের অভিযোগে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন শাহজালাল রুমি।
এরপর মাদরাসার অধ্যক্ষের পক্ষ থেকে রুমির বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়। ওই মামলায় তাঁর বিরুদ্ধে ১৭ লাখ টাকা চুরি, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।পাল্টা মামলা হওয়ার পর থেকে শাহজালাল রুমির অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়। সোমবার রাতে সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন, ‘আমি এই দেশে আর নেই। এগুলো নিয়ে আর ভাবছি না, যা হয় হোক, আপনারা ভালো থাকেন।’ তবে রুমির আইনজীবী জানিয়েছেন, তিনি দেশেই রয়েছেন এবং মামলায় আগাম জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেছেন।