মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

Date: 2026-10-27
news-banner

অনলাইন ডেস্ক:

মাদক ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত গডফাদারদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত সেপ্টেম্বর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্সে উপস্থিত ছিলেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় সায়েদুর রহমান বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি বাড়াতে মাঠপর্যায়ের সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে দায়িত্ব পালনের সময় জনগণের সঙ্গে মানবিক আচরণ করার নির্দেশ দেন।

ডাকাতির ঘটনায় দ্রুত মামলা রেকর্ড এবং ঘটনার রহস্য উদ্‌ঘাটনের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনার নির্দেশ দেন অতিরিক্ত আইজিপি। ধর্ষণ মামলার তদন্ত নিবিড়ভাবে তদারক করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে এসব মামলায় সাজার হার বাড়াতে হবে। পাশাপাশি অন্যান্য মামলার নিষ্পত্তির হার বাড়ানোরও নির্দেশ দেন তিনি।

সায়েদুর রহমান আরও বলেন, সমাজে ইতিবাচক ভাবমূর্তিসম্পন্ন ব্যক্তিদের সম্পৃক্ত করে কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক কমিউনিটি পুলিশিং এবং বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করতে হবে। সম্প্রতি শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে উদ্‌যাপিত হওয়ায় মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের আইজিপির পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি।

সভায় সেপ্টেম্বর ২০২৬ মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশের ওপর হামলা ও অপহরণসংক্রান্ত মামলা, মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত ও বিচারের অগ্রগতি এবং সাজার হার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

advertisement image

Leave Your Comments