যান্ত্রিক ত্রুটিতে জাপানে আটকে প্রধানমন্ত্রীর ফ্লাইট, বিমান থেকে নামলেন যাত্রীসহ সফরসঙ্গীরা

Date: 2026-10-29
news-banner

অনলাইন ডেস্ক

জাপান সফর শেষে দেশে ফেরার পথে যান্ত্রিক ত্রুটির কারণে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে বিলম্বিত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট। তিন ঘণ্টার বেশি সময় বিলম্বের পর প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা উড়োজাহাজ থেকে নেমে বিমানবন্দরের লাউঞ্জে গেছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় জাপানের নারিতা বিমানবন্দরে এ ঘটনা ঘটে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৩৭৭ নির্ধারিত সময়ে ঢাকার উদ্দেশে যাত্রা করতে পারেনি।

বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রস্তুতিকালে উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়। পরে ত্রুটি শনাক্ত ও মেরামতের জন্য বিমানটিকে টারমাকে ফিরিয়ে নেওয়া হয়। বিমানের জনসংযোগ বিভাগ জানিয়েছে, ফ্লাইট ক্রু ও প্রকৌশলীরা সমস্যাটি সমাধানে কাজ করছেন বিমান সংস্থার তথ্য অনুযায়ী, ত্রুটি মেরামতে আরও দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে। তবে ফ্লাইটটি কখন ঢাকার উদ্দেশে রওনা হবে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।

উড়োজাহাজটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী দলের অন্য সদস্যরা ছিলেন। অন্য যাত্রীদেরও বিমানবন্দরের লাউঞ্জে নেওয়া হয়। এর আগে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে টোকিও যান তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।

advertisement image

Leave Your Comments