অনলাইন ডেস্ক
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নতুন তথ্য জানিয়েছে পুলিশ। তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া তাঁর মরদেহে বাইরে থেকে দৃশ্যমান কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে নৌ-পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা জেলা নৌ-পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের এসব তথ্য জানান। বুধবার বিকেলে রাজধানীর উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বন্ধুর মতো ছোট ভাই দ্বীপের ডাকে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। এরপর আর বাসায় ফেরেননি তিনি। রাত ১টা ৩৫ মিনিটের দিকে মায়ের মোবাইল ফোনে একটি বার্তা পাঠিয়ে বাসায় ফেরার কথা জানান। তবে এরপর তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। তাহসিফের বাবা এনায়েতুল করিম হেলাল জানান, ছেলে কোনো একটি বিষয় নিয়ে আতঙ্কিত ছিলেন বলে তাঁর মনে হয়েছিল। মঙ্গলবার দিনভর মায়ের সঙ্গে কেনাকাটা করেন তাহসিফ। সন্ধ্যায় দ্বীপ বাসার নিচে এসে ডাকলে কথা বলে ফিরে আসার কথা জানিয়ে তিনি বেরিয়ে যান।
বুধবার দুপুরে তুরাগ থানায় যোগাযোগ করেছিলেন তাহসিফের বাবা। পরে বিকেলে উত্তরখান থানা থেকে ফোন করে ছেলের মরদেহ উদ্ধারের খবর জানানো হয়। পরিবারের এক স্বজনের দাবি, তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যাচ্ছে না। প্রায় এক মাস আগে দুর্ঘটনার পর তাঁকে মোটরসাইকেল চালাতে নিষেধ করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার তিনি মোটরসাইকেল নিয়েই বাসা থেকে বের হয়েছিলেন বলে ওই স্বজন জানান। মোটরসাইকেলের বিস্তারিত তথ্য ও ছবি পুলিশকে দেওয়া হয়েছে।
ওই স্বজন আরও জানান, দ্বীপের সঙ্গে পরিবারের সদস্যরা কথা বলেছেন। দ্বীপ তাঁদের জানিয়েছেন, রাতে তাঁরা একসঙ্গে খাওয়াদাওয়া করেছিলেন এবং পরে তাহসিফকে তাঁর বাসার এলাকার কাছে রেখে তিনি ফিরে যান। তবে এ বিষয়ে পুলিশের তদন্তের ফল এখনো জানা যায়নি।
তাহসিফের বাবা জানান, বিমানবাহিনীতে চাকরি হারানোর পর তাঁর ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও নেত্র নিউজে কাজ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, তাহসিফ ছিলেন ভদ্র ও সামাজিক স্বভাবের মানুষ। টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনসহ সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।