নিজস্ব প্রতিবেদক
নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধ করে সড়কে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সড়ক পরিবহন খাতকে ঘিরে গড়ে ওঠা কথিত মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ দূর করতে অবিলম্বে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর জোর দিয়েছেন তিনি। বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, সড়ক খাতের মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ দূর করে আইনি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন। নতুন নেতৃত্ব পরিবহন খাতের দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে পরিবর্তন আনতে সোচ্চার থাকবে। রিজভী বলেন, সাধারণ শ্রমিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি যাত্রীসেবার মান উন্নয়নেও নতুন কমিটিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পরিবহন খাতের আধুনিকায়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, নতুন নতুন ধারণা ও উদ্যোগের মাধ্যমে এ খাতকে ঢেলে সাজানো হবে। দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করে সড়ক পরিবহন ব্যবস্থাকে পুরোপুরি আইনসংগত করা হবে এবং যাত্রীসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে।
রাজনৈতিক বিশৃঙ্খলা প্রসঙ্গে রিজভী বলেন, রাজনীতিবিদরা দায়িত্বে এলে গত ১৭ বছরের ধারাবাহিক নৈরাজ্যের স্থায়ী অবসান ঘটবে।
এর আগে জাতীয় সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের নতুন সভাপতি সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, কার্যকরী সভাপতি মোরতাজুল করিম বাদরু ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজুর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ও মিছিল নিয়ে সমাধিতে উপস্থিত হন। পরে রিজভী নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।