কালীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিএনপি নেতা ও এসআই নিহত, দুই পুলিশ আহত

Date: 2026-10-24
news-banner

নিজেস্ব প্রতিবেদক


গাজীপুরের কালীগঞ্জে রাতের টহল চলাকালে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম ও পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও দুই সদস্য আহত হয়েছেন। চালক পালিয়ে যাওয়ায় তাঁকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক বিবরণ অনুযায়ী, কালীগঞ্জ পৌরসভা এলাকায় নিয়মিত টহল ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালন করছিলেন এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটি পুলিশ দল। রাত সাড়ে ৩টার দিকে কলেজের সামনে টহল গাড়ি থামিয়ে কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এ সময় একটি অজ্ঞাতনামা কাভার্ড ভ্যান পুলিশ সদস্যদের ও স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলামকে ধাক্কা দেয়।


ধাক্কায় রফিকুল ইসলাম, এসআই মিজানুর রহমান, পিএসআই জাবেদ ওমর এবং ড্রাইভার কনস্টেবল ফজলে রাব্বি আহত হন। এসআই মিজানুর রহমান কাভার্ড ভ্যানের সঙ্গে আটকে গেলে চালক তাঁকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে রাস্তার পাশে ফেলে রেখে ঘোড়াশালের দিকে পালিয়ে যান। স্থানীয় রিকশাচালক রকিবুল ও পথচারী ইমরুল কায়েস আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাত ৩টা ৫৫ মিনিটে চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। তিনি কালীগঞ্জ ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।


গুরুতর আহত এসআই মিজানুর রহমান ও পিএসআই জাবেদ ওমরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ড্রাইভার কনস্টেবল ফজলে রাব্বিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৬টা ৪৭ মিনিটে এসআই মিজানুর রহমান মারা যান। পিএসআই জাবেদ ওমর এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, থানার অফিসার ইনচার্জ ও পরিদর্শক (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কাভার্ড ভ্যান ও চালক এখনো শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।


গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও দায়ীদের আইনের আওতায় আনতে তদন্ত চলমান রয়েছে। এদিকে নিহত বিএনপি নেতা রফিকুল ইসলামের গভীর রাতে ওই স্থানে উপস্থিত থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। ভোর সাড়ে ৩টার দিকে মহাসড়কের পাশে তিনি কেন ছিলেন, কার সঙ্গে ছিলেন এবং পুলিশের টহল দলের কাছাকাছি কীভাবে উপস্থিত হলেন—এসব বিষয় এখনো স্পষ্ট নয়। তদন্তে এসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

advertisement image

Leave Your Comments