তিন চরের মানুষের সুবিধায় মনির বাজারেই ইউপি ভবন চান স্থানীয়রা
ভোলা জেলা প্রতিনিধি
ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল ৫ নম্বর কলাতলী ইউনিয়ন পরিষদ ভবন পূর্বনির্ধারিত স্থান মনির হাওলাদার বাজার সংলগ্ন এলাকায় নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। ইউনিয়নের তিনটি চরের মানুষের যাতায়াতের সুবিধা বিবেচনায় ওই স্থানেই ভবন নির্মাণের কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন তাঁরা।
সোমবার (১২ অক্টোবর) স্থানীয়দের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাঁদের অভিযোগ, মনির বাজার সংলগ্ন এলাকায় ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণকাজ চলমান থাকা অবস্থায় সেটি সরিয়ে আবাসন বাজার সংলগ্ন এলাকায় নেওয়ার বিষয়টি সামনে এসেছে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, কলাতলী, ঢালচর ও কাজিরচর—এই তিনটি চর নিয়ে গঠিত ৫ নম্বর কলাতলী ইউনিয়নটি মনপুরার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। ফলে ইউনিয়নের বাসিন্দাদের বিভিন্ন সরকারি সেবা নিতে যাতায়াতে ভোগান্তি পোহাতে হয়। মনির বাজার এলাকাটি তিনটি চরের মানুষের জন্য তুলনামূলক মধ্যবর্তী স্থানে হওয়ায় সেখানে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করা হলে সাধারণ মানুষের সেবা গ্রহণ সহজ হবে।
স্থানীয় ইউপি সদস্য মো. গিয়াসউদ্দিন বলেন, মনির বাজার এলাকাটি কলাতলী, ঢালচর ও কাজিরচরের মানুষের যাতায়াতের সুবিধার জন্য গুরুত্বপূর্ণ মধ্যবর্তী স্থান। সেখানে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করা হলে তিনটি চরের মানুষই উপকৃত হবেন। তাই পূর্বনির্ধারিত স্থানেই ভবন নির্মাণের কাজ সম্পন্ন করার দাবি জানান তিনি।স্থানীয় বাসিন্দা মো. সোহাগ বলেন, মনির বাজার এলাকায় ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণকাজ চলমান রয়েছে। এর মধ্যে ভবনটি অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়টি সামনে আসায় স্থানীয়রা উদ্বিগ্ন। আবাসন বাজার সংলগ্ন প্রস্তাবিত স্থানটি নদীর খুব কাছে হওয়ায় সেখানে ভবন নির্মাণ করা হলে সাধারণ মানুষের যাতায়াতে ভোগান্তি বাড়তে পারে। জনসাধারণের সুবিধা বিবেচনায় মনির বাজার সংলগ্ন স্থানেই ভবন নির্মাণ করা উচিত বলে মনে করেন তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব বলেন, ”চর কলাতলীতে ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, কমিউনিটি ক্লিনিক ও পুলিশ ফাঁড়িসহ একটি সমন্বিত কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে প্রশাসনের। তবে বর্তমানে যেখানে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে, সেখানে সব স্থাপনা একসঙ্গে নির্মাণ করতে প্রায় ছয় থেকে আট একর জমির প্রয়োজন হবে। ”
তিনি আরও বলেন, ”আবাসন বাজার সংলগ্ন এলাকায় নতুন একটি জমি দেখা হয়েছে, যেখানে সব স্থাপনা একসঙ্গে নির্মাণ করা সম্ভব। তবে মনির বাজার এলাকায় আট একর জমি পাওয়া গেলে সেখানেই সমন্বিত কমপ্লেক্স নির্মাণ করা হবে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।”
স্থানীয় বাসিন্দারা বলছেন, তিনটি চরের মানুষের যাতায়াতের সুবিধা ও জনস্বার্থকে গুরুত্ব দিয়ে মনির বাজার সংলগ্ন স্থানেই ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের কাজ অব্যাহত রাখা প্রয়োজন। অন্যদিকে, উপজেলা প্রশাসন একই স্থানে একাধিক সরকারি সেবা প্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা করছে। ফলে প্রয়োজনীয় জমির প্রাপ্যতা ও জনসাধারণের সুবিধা বিবেচনায় শেষ পর্যন্ত কোথায় সমন্বিত কমপ্লেক্স নির্মাণ করা হবে, তা নিয়ে অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।