৫০ বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ালেন এমপি সালাহউদ্দিন আইয়ুবী

Date: 2026-10-20
news-banner

গাজীপুর প্রতিনিধি


গাজীপুরের কাপাসিয়ায় সংসদ সদস্য মো. সালাহউদ্দিন আইয়ুবীর উদ্যোগে ৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। তুরস্কের মানবিক সহায়তামূলক সংস্থা Genc Ufuk İnsani Yardım Derneği-এর অর্থায়নে এবং দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়নের ৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য মো. সালাহউদ্দিন আইয়ুবী। কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের মানবিক সহায়তামূলক সংস্থা Genc Ufuk İnsani Yardım Derneği-এর চেয়ারম্যান আলী সেনেল।


প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী বলেন, কারও কাছে একটি হুইলচেয়ার কেবল চলাচলের বাহন হলেও অন্য কারও কাছে এটি নতুন করে স্বপ্ন দেখার, স্বনির্ভর হওয়ার সাহস এবং জীবনের পথে এগিয়ে যাওয়ার আশার আলো। ৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের হাতে হুইলচেয়ার তুলে দেওয়ার এ উদ্যোগ ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার অনন্য দৃষ্টান্ত।


তিনি বলেন, ছোট একটি উদ্যোগও কারও জীবনে বড় পরিবর্তন আনতে পারে, মুখে হাসি ফোটাতে পারে এবং থমকে থাকা পথচলায় নতুন আশার সঞ্চার করতে পারে। শারীরিক সীমাবদ্ধতা যেন মানুষের স্বপ্ন ও সম্ভাবনার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সালাহউদ্দিন আইয়ুবী আরও বলেন, এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে মানুষের শারীরিক সীমাবদ্ধতার পরিবর্তে তার স্বপ্ন, সামর্থ্য ও সম্ভাবনাই হবে এগিয়ে যাওয়ার শক্তি।


এ সময় তিনি মানবিক কার্যক্রমে সহযোগিতার জন্য দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ও তুরস্কের সংশ্লিষ্ট সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের সহযোগিতায় অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের হাতে হুইলচেয়ার তুলে দেওয়া সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি।


সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের ফলে উপকারভোগীদের চলাচল সহজ হবে এবং দৈনন্দিন জীবনযাপনে স্বাধীনতা ও স্বনির্ভরতা বাড়বে। একই সঙ্গে এ ধরনের মানবিক কর্মসূচি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে অন্যদেরও উৎসাহিত করবে।

advertisement image

Leave Your Comments