তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী জিয়াউদ্দিন সোহাগের প্রচারণামূলক বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ উঠেছে।
প্রার্থী ও তাঁর প্রচার টিমের সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থাপন করা জিয়াউদ্দিন সোহাগের একটি প্রচারণামূলক বিলবোর্ড ভাঙচুর করা হয়েছে। বিলবোর্ডটিতে তাঁর ছবি ও নির্বাচনী প্রচারণাসংক্রান্ত বিভিন্ন স্লোগান ছিল। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন বলে জানা গেছে।
এ ঘটনায় প্রার্থীর সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। পাশাপাশি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণার পরিবেশ স্বাভাবিক রাখা এবং প্রার্থীদের নিরাপদে প্রচারণা চালানোর সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কি না, কিংবা প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।