কুড়িগ্রাম প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী কোচের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। তাঁদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বুধবার (২৮ অক্টোবর) ভোরে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ মাজার মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের ওমর আলীর ছেলে মোজাফফর হোসেন (৩৫)। অন্য দুজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বড়দরগা হাইওয়ে পুলিশের এসএসআই মোয়াজ্জেম উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী খান এক্সপ্রেসের একটি যাত্রীবাহী কোচ মহাসড়কে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কোচটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ শুরু করে। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের সার্জারি বিভাগের কনসালট্যান্ট ডা. গোপাল চন্দ্র বর্মন জানান, দুর্ঘটনায় আহত একাধিক রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের অনেকের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে কুড়িগ্রামের রাজারহাট, ফুলবাড়ী ও সদর উপজেলার কয়েকজন এবং লালমনিরহাট ও রংপুরের বিভিন্ন এলাকার যাত্রী রয়েছেন।
আহত যাত্রী বুলবুলি বেগম শাহীনা অভিযোগ করেন, ভোরে হাসপাতালে আনা হলেও সকাল ৯টার পর চিকিৎসা কার্যক্রম শুরু হয়। অনেক আহতের ব্যান্ডেজ তখনো করা হয়নি বলেও দাবি করেন তিনি। এদিকে স্থানীয়দের অভিযোগ, ছয় লেনের মহাসড়কের বিভিন্ন স্থানে ট্রাকসহ নানা যানবাহন দাঁড় করিয়ে রাখার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সীমিত জনবল নিয়ে মহাসড়কের নির্ধারিত স্থানের বাইরে যানবাহন পার্কিং বন্ধে চেষ্টা চালানো হচ্ছে। অনেক সময় যানবাহন বিকল হয়ে সড়কে দাঁড়িয়ে থাকে। এ ক্ষেত্রে সতর্কতামূলক সাইনবোর্ড দেওয়ার নিয়ম থাকলেও অনেকে তা মানেন না। তিনি আরও বলেন, অতিরিক্ত গতিতে এবং ঘুম ঘুম অবস্থায় গাড়ি চালানোর কারণেও এ ধরনের দুর্ঘটনা ঘটে।