নেত্রকোনায় ৫ কলেজে শতভাগ অকৃতকার্য

Date: 2026-11-01
news-banner

নেত্রকোণা প্রতিনিধি 
‎
‎২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে নেত্রকোনা জেলার পাঁচটি কলেজের কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। শতভাগ অকৃতকার্য হওয়া এসব প্রতিষ্ঠানের মধ্যে তিনটি কলেজই পূর্বধলা উপজেলার। বাকি দুটি কেন্দুয়া ও কলমাকান্দা উপজেলার।

‎শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। শতভাগ অকৃতকার্য হওয়া পাঁচটি প্রতিষ্ঠানই নন-এমপিওভুক্ত।

‎পূর্বধলার তিনটি প্রতিষ্ঠান হলো—খলিশাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখা, এম্বিশন মডেল কলেজ এবং জোবায়দা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ। অন্য দুটি প্রতিষ্ঠান হলো কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ ও কলমাকান্দা মহিলা কলেজ।

‎প্রাপ্ত তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের কেউই পাস করতে পারেননি। বিষয়টি জেলার শিক্ষা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

‎এবার নেত্রকোনা জেলার ১০টি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৩ হাজার ৯১১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৮৭৩ জন। জিপিএ-৫ পেয়েছেন ৭০ জন। জেলায় গড় পাসের হার ৪৩ দশমিক ৯১ শতাংশ।
‎
‎এ বিষয়ে জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা জানান, শতভাগ অকৃতকার্য হওয়া পাঁচটি প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে দ্রুত আলোচনা করা হবে। শিক্ষার্থীদের ফলাফল খারাপ হওয়ার কারণ অনুসন্ধানের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে ইতিমধ্যে জেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
advertisement image

Leave Your Comments