নওগাঁয় ধান ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

Date: 2026-11-02
news-banner
নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় পূর্ববিরোধের জেরে চলন্ত মোটরসাইকেলে হামলা চালিয়ে এক ধান ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হামলাকারীদের দেশীয় অস্ত্রের আঘাতে বাবা ও ছেলে আহত হয়েছেন।  এ সময় জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করেও কোনো তাৎক্ষণিক সহায়তা পাননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

সোমবার (২ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার কুসুম্বা মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন—উপজেলার কুসুম্বা গ্রামের মৃত কছিমুদ্দিন মোল্লার ছেলে ও ধান ব্যবসায়ী (আড়তদার) আলমগীর হোসেন (৪৯) এবং তার ছেলে সামী (১৫)। স্থানীয় লোকজনের সহায়তায় তাঁরা মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

অন্যদিকে, অভিযুক্তরা হলেন—উপজেলার চকশ্যামরায় গ্রামের মৃত মকবুল হোসেনের স্ত্রী রবিজান বেওয়া (৬০),ছেলে বুলবুল হোসেন (৩৫), মেয়ে জোৎস্না বেগম (৩২) এবং বুলবুল হোসেনের স্ত্রী রশিদা বেগম (৩০) সহ অজ্ঞাতনামা আরো৪/৫ জন।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ধান ক্রয়ের উদ্দেশ্যে ছেলে সামীকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে চৌবাড়িয়া বাজারের দিকে যাচ্ছিলেন ব্যবসায়ী আলমগীর হোসেন। পথিমধ্যে কুসুম্বা মোড় এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিত ভাবে অভিযুক্তরা তাঁদের চলন্ত মোটরসাইকেলের গতি রোধ করে হামলা চালায়। এ সময় তাঁদের কাছে থাকা ১৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র ও লাঠিসোটার আঘাতে বাবা-ছেলে গুরুতর আহত হয়।

ঘটনার পরপরই ৯৯৯ ফোনের পর পুলিশের সহায়তা না পেয়ে ন্যায়বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মান্দা উপজেলা প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আলমগীর হোসেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে পুরো ঘটনার বিবরণ তুলে ধরেন।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত জোৎস্না বেগমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ঘটনার বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, এ সংক্রান্ত বিষয়ে তাঁর কাছে এখনো কোনো তথ্য বা অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
advertisement image

Leave Your Comments