নওগাঁ প্রতিনিধি
নওগাঁ জেলা কারাগারে অসুস্থ হয়ে জাকির হোসেন নবাব (৫৮) নামে বগুড়া জেলা আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১২টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জাকির হোসেন নবাব বগুড়ার সোনাতলা উপজেলার জোরগাছা গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেহনুমা মুনমুন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে জাকির হোসেন নবাবের মৃত্যু হয়। তাঁকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
নওগাঁ জেলা কারাগারের সুপার রতনা রায় জানান, বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দী ছিলেন জাকির হোসেন নবাব। তিনি বলেন, সকালে তিনি অসুস্থ বোধ করলে দ্রুত তাঁকে নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল বলে তিনি শুনেছেন।