কালাইয়ে ছুরি ঠেকিয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

Date: 2026-11-04
news-banner
মোঃ ফারুক হোসেন 
কালাই(জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে ছুরি দেখিয়ে প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করে ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে মো. আনোয়ার হোসেন ওরফে নিশি, মো. রাজুসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় গত ২ নভেম্বর রাতে কালাই থানায় লিখিত অভিযোগ করেছেন উপজেলার বিনাইল গ্রামের মো. জাকারিয়া।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত আনোয়ার হোসেন ওরফে নিশি জাকারিয়ার পূর্বপরিচিত। গত ২ নভেম্বর রাত আনুমানিক ৯টার দিকে নিশি তাঁকে প্রয়োজনীয় কাজে মামার বাড়িতে যাওয়ার কথা বলে সঙ্গে যেতে বলেন। প্রথমে যেতে রাজি না হলেও পরে নিশি তাঁর বাড়িতে গিয়ে ডাকাডাকি করলে তিনি বাইরে আসেন। এরপর তাঁরা মোটরসাইকেলে করে রওনা হন।

অভিযোগে জাকারিয়া উল্লেখ করেন, রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে কালাই উপজেলার শিমরাল-কাসিপুর সড়কের হারাবতী নদীর ওপর সেতুতে পৌঁছালে সেখানে আগে থেকেই রাজুসহ অজ্ঞাতনামা দুই-তিনজন অবস্থান করছিলেন। এ সময় নিশি ও রাজু ধারালো ছুরি দেখিয়ে তাঁকে প্রাণনাশের হুমকি দেন। একপর্যায়ে তাঁকে জিম্মি করে চার-পাঁচটি ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক নাম ও স্বাক্ষর নেওয়া হয়। বিষয়টি কাউকে জানালে পরিণতি খারাপ হবে বলেও হুমকি দেওয়া হয়। এসব স্ট্যাম্প ব্যবহার করে ভবিষ্যতে তাঁকে হয়রানি বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

জাকারিয়ার স্ত্রী জানান, তাঁর স্বামী রাতে ভাত খেয়ে ঘুমিয়ে ছিলেন। কিছুক্ষণ পর দুর্গাপুর গ্রামের নিশি এসে তাঁকে ডেকে নিয়ে যান। প্রায় দুই ঘণ্টা পর রাত ১১টার দিকে বাড়িতে ফিরে জাকারিয়া জানান, তাঁর পেটে ছুরি ধরে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে। পরে ওই রাতেই তিনি কালাই থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন। বিনাইল গ্রামের শফিকুল ইসলাম বলেন, রাত ১১টার দিকে জাকারিয়া কাঁদতে কাঁদতে তাঁদের কাছে এসে জানান, নিশি তাঁর পেটে ছুরি ধরে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছেন।

উদয়পুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সিরাজুল ইসলাম মুঠোফোনে বলেন, রাত আনুমানিক ৯টার দিকে আনোয়ার হোসেন ওরফে নিশি জাকারিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। ওই সময় তাঁরা কয়েকজন বাড়ির পাশে বসে গল্প করছিলেন। প্রায় দুই ঘণ্টা পর জাকারিয়া তাঁদের সামনে কাঁদতে কাঁদতে এসে জানান, নিশিসহ কয়েকজন শিমরাল-কাসিপুর সড়কের বড় সেতুতে তাঁর পেটে ছুরি ধরে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছেন।

অভিযোগের বিষয়ে আনোয়ার হোসেন ওরফে নিশি বলেন, ‘আমি জাকারিয়ার কাছে জমি বিক্রি করেছি। জমির অর্ধেক টাকা বাকি রেখেই তাঁকে রেজিস্ট্রি করে দলিল করে দিয়েছি। বহুবার বাকি টাকা চেয়েও পাইনি। পাওনা টাকার কোনো কাগজপত্র আমার কাছে না থাকায় তাঁর কাছ থেকে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছি।’

অপর অভিযুক্ত রাজু বলেন, ‘জাকারিয়া ও আমি বন্ধু। আমরা আলুর ব্যবসা করি। নিশি রাতের বেলা আমাকে একটি কাজের কথা বলে ডেকে নিয়ে যান। সেখানে গিয়ে দেখি, জাকারিয়া ও নিশি সেতুর সামনে দাঁড়িয়ে আছেন। নিশি আমাকে বলেন, জাকারিয়ার কাছে জমি বিক্রির টাকা পান এবং সেই টাকা আদায়ের জন্য তাঁর কাছ থেকে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছেন।’

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
advertisement image

Leave Your Comments