এস এম রফিক মাহমুদ, সুবর্ণচর উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইকরা পাঠাগারের বার্ষিক বৃত্তি পরীক্ষা ২০২৬। উপজেলার শতাধিক স্কুল ও মাদ্রাসার চতুর্থ থেকে নবম শ্রেণির ১ হাজার ৭৩৩ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।
শুক্রবার (৬ নভেম্বর) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে উপজেলার তিনটি পৃথক কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাঁচটি পাঠ্যবইয়ের ওপর ১০০ নম্বরের পরীক্ষা দিতে শিক্ষার্থীরা দুই ঘণ্টা সময় পায়।
ইকরা পাঠাগারের সভাপতি মাওলানা দাউদ হোসাইনের তত্ত্বাবধানে পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন পাঠাগারের কোষাধ্যক্ষ ও চরবাটা আর. জি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিয়াজ উদ্দিন ফয়সাল। এ সময় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন পাঠাগারের সদস্য ও সমাজসেবক বাহা উদ্দিন সোহেল।
এছাড়া উপস্থিত ছিলেন পাঠাগারের সেক্রেটারি মাওলানা মো. ইসমাইল, চরবাটা ইসমাঈলিয়া আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা ফয়েজ উল্লাহ, সিনিয়র শিক্ষক মাওলানা আজহার উদ্দিন এবং চরক্লার্ক বাংলাবাজার দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা শেখ ফরিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ এবং পড়াশোনায় আগ্রহ বাড়ানোর উদ্দেশ্যে প্রতিবছর এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। ১৯৯৯ সালে ‘ইকরা পাঠাগার ও ইসলামী সমাজ কল্যাণ পরিষদ’ নামে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বৃত্তি পরীক্ষার আয়োজনে মাওলানা আব্দুর রহিম স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সার্বিক আর্থিক সহযোগিতা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. রেজাউর রহমান।
এদিকে, এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।