নওগাঁয় নকল কীটনাশকের কারবার, ১জনের কারাদন্ড

Date: 2026-11-07
news-banner
নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরের শিবগঞ্জ বাজারে নকল সার ও কীটনাশকের কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও এসআরবি। শনিবার ভোর থেকে বেলা পৌনে ১১ টা পর্যন্ত অভিযানে দুটি প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে এবং একজনকে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম।

জানা যায়, উপজেলার শিবগঞ্জ গ্রামের মৃত মোতার হোসেনের মৃত্যুর পর এস ডি এগ্রোভেট নামে পৃথক দুটি কারখানা তার দুই ছেলে মোহাম্মদ শাহিনুর আলম ও দেলোয়ার হোসেন চালাতো। তারা কৃষকদের সঙ্গে প্রতারণা ও কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে নকল সার-কীটনাশকের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে এস ডি এগ্রোভেটের মালিক মোহাম্মদ শাহিনুর আলম উপস্থিত না থাকায় তার স্ত্রী হাসনাত জাহান পাপিয়ার বিরুদ্ধে বালাইনাশক আইন, ২০১৮-এর ৩১(১) ধারায় অপরাধের দায়ে দুই ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, একই নামের আরেকটি কারখানা চালানোয় তার ভাই মো. দেলোয়ার হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন, তাদের বরুণ, জৈব সার তৈরির অনুমোদন থাকলেও ছাইবার মেথিন এবং তেলাপোকা মারার চক বানানোর কোন কাগজপত্র দেখাতে পারেননি। তাদের অনুমোদন প্রাপ্ত পণ্যের মান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হবে। 

সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বলেন, প্রতিষ্ঠান দুটি মালিককে দুই লক্ষ টাকা জরিমানা ও একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। কৃষকদের স্বার্থে ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে।
advertisement image

Leave Your Comments