মনপুরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
মনপুরা (ভোলা) প্রতিনিধি:
’করব সমবায়, গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার মনপুরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাসির উদ্দীন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, সিনিয়র সহসভাপতি মো. কামাল উদ্দিন, সহসভাপতি আবদুল খালেক সেলিম মোল্লা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনপুরা উপজেলা আমির মাওলানা আমিমুল ইহসান জসিম।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব বলেন, ”মনপুরার মানুষের আয়ের অন্যতম প্রধান উৎস নদীতে মাছ ধরা। কিন্তু জেলেরা মহাজনদের কাছ থেকে দাদন নিয়ে মাছ ধরতে গিয়ে উপার্জিত অর্থের বড় অংশ ঋণ পরিশোধে ব্যয় করেন। এ অবস্থা থেকে জেলেদের মুক্ত করতে সমবায়ের বিকল্প নেই। সমবায়ের মাধ্যমে একজন ব্যক্তি যেমন স্বাবলম্বী হতে পারেন, তেমনি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।”
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন বাচ্চু চৌধুরী বলেন, ”১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর বেসরকারি কয়েকটি সংস্থা মনপুরার মানুষের জীবনমান পরিবর্তনে কাজ শুরু করে। সেই ধারাবাহিকতায় এলাকায় ছোট ছোট সমবায় সমিতি গড়ে ওঠে। তিনি আরও বলেন, মনপুরার বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে।”
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. কামাল উদ্দিন বলেন, ”দেশের বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে তারমধ্যে অন্যতম হলো সমবায় । এর মাধ্যমে বেকার যুবকদের প্রশিক্ষনের দিয়ে দক্ষ করে গড়ে তোলা সম্ভব হবে।।”
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনপুরা উপজেলা আমির মাওলানা আমিমুল ইহসান জসিম বলেন, ”মনপুরার অব্যবহৃত ও পরিত্যক্ত জলাশয়গুলো নিবন্ধিত সমবায় সমিতির মাধ্যমে লিজ দেওয়া হলে মাছের উৎপাদন বাড়ানো সম্ভব। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রগতিতেও ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা আশরাফ হোসেন, নির্বাচন কর্মকর্তা গিয়াস উদ্দিন তালুকদার, উপজেলা বন কর্মকর্তা আবুল কাশেম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম ফরাজি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন, সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক ইকরামুল করিম এবং মনপুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মহিব্বুল্যাহ ইলিয়াছ, বীরমুক্তিযুদ্ধা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমবায়ী সদস্যরা।