নিজস্ব প্রতিবেদক, রামু (কক্সবাজার)
কক্সবাজারের রামু উপজেলার সীমান্তবর্তী গর্জনিয়া ইউনিয়ন দিয়ে নির্বিঘ্নে প্রবেশ করছে মিয়ানমার থেকে আসা অবৈধ গরু। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে একটি প্রভাবশালী সিন্ডিকেট এই অবৈধ বাণিজ্যে মেতে উঠলেও স্থানীয় প্রশাসনের রহস্যজনক নীরবতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামুর গর্জনিয়া ইউনিয়নের দুর্গম সীমান্ত এলাকাগুলোকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে ওপাড় থেকে অবৈধভাবে গবাদিপশু নিয়ে আসছে চোরাকারবারিরা। কোনো ধরনের বৈধ কাগজপত্র, শুল্ক বা কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই এসব গরু দেশের বিভিন্ন স্থানীয় হাটসহ দূর-দূরান্তে পাচার করা হচ্ছে।
রাজস্ববঞ্চিত সরকার, ফুলেফেঁপে উঠছে সিন্ডিকেটের পকেট
নিয়ম অনুযায়ী সীমান্ত দিয়ে গবাদিপশু আমদানির ক্ষেত্রে সরকারের মোটা অঙ্কের রাজস্ব পাওয়ার কথা থাকলেও, এই অবৈধ রুট দিয়ে তা সম্পূর্ণ লোপাট হচ্ছে। সরকারের কোষাগারে এক টাকাও রাজস্ব জমা না হয়ে এই অবৈধ বাণিজ্যের বিশাল অঙ্কের অর্থ চলে যাচ্ছে অসাধু সিন্ডিকেট এবং তাদের ছত্রছায়া প্রদানকারী মহলের নিজস্ব তহবিলে। স্থানীয়দের মতে, প্রশাসনের এই নিরব ভূমিকা এবং উদাসীনতা দীর্ঘদিনের অবৈধ বাণিজ্যের চিত্রকে আরও স্পষ্ট করে তুলছে।
সচেতন মহলের উদ্বেগ ও দাবি এলাকাবাসীর অভিযোগ, "কে শুনে কার কথা"—এই নীতিতে চলছে সীমান্ত এলাকার চোরাচালান নিয়ন্ত্রণ। প্রশাসন সব জেনেও চোখ বন্ধ করে থাকায় অবৈধ কারবারিরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।
রাষ্ট্রের কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতি রোধ করতে এবং সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবিলম্বে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারি ও যৌথ অভিযান পরিচালনা দাবি জানিয়েছেন এলাকাবাসী।