অনলাইন ডেস্ক
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরার ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তাঁর দাবি, হামলার আশঙ্কায় আত্মরক্ষার জন্য তিনি ও তাঁর সরকারি নিরাপত্তারক্ষীরা অল্প সময়ের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন।
রোববার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ ব্যাখ্যা দেন প্রতিমন্ত্রী। এর আগে শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশন-সংলগ্ন দয়াগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযানে তাঁর আগ্নেয়াস্ত্র হাতে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
বিবৃতিতে ইশরাক হোসেন বলেন, অভিযানের সময় একটি অস্থায়ী মাদকের আস্তানার কাছে পৌঁছালে ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি তাঁদের গাড়িবহরের দিকে মারমুখী ভঙ্গিতে এগিয়ে আসেন। এ সময় হামলার আশঙ্কা এবং জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি ও তাঁর সরকারি নিরাপত্তারক্ষীরা গাড়ি থেকে নেমে অল্প সময়ের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অস্ত্র যথাস্থানে রাখা হয় বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী দাবি করেন, ঘটনাস্থলে যাওয়ার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিজস্ব গোয়েন্দা সূত্র থেকে নিরাপত্তাঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছিল। মাদক কারবারিদের পক্ষ থেকে ভবনের ছাদ থেকে আকস্মিক গুলিবর্ষণের আশঙ্কার কথাও তাঁকে জানানো হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তাঁর ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি বৈধ লাইসেন্সপ্রাপ্ত বলেও দাবি করেন তিনি।
বিবৃতিতে বলা হয়, গেন্ডারিয়ার ঘণ্টিঘর, মুন্সিটেক, করাতিটোলা ও আশপাশের এলাকায় মাদক কেনাবেচা এবং শিক্ষার্থীদের মধ্যে মাদকের বিস্তার নিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পেয়ে আসছিলেন প্রতিমন্ত্রী। এর আগে মাদকসংক্রান্ত সহিংসতায় তিনজন নাগরিক গুলিবিদ্ধ হওয়ার পর তিনি এলাকাটি পরিদর্শন করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে একাধিক সমন্বয় সভা করেন।
ইশরাক হোসেনের ভাষ্য অনুযায়ী, অভিযানের অংশ হিসেবে গেন্ডারিয়া থানা-পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশের উপস্থিতি ও সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে চার থেকে পাঁচটি অবৈধ ও অস্থায়ী মাদকের আস্তানা উচ্ছেদ করা হয়।
এ সময় হেরোইন বা হেরোইনজাতীয় মাদকদ্রব্য, বিদেশি মদ, মাদক সেবনের সরঞ্জাম, দেশীয় ধারালো অস্ত্র, নগদ অর্থ এবং ছিনতাই করা হয়েছে বলে সন্দেহ করা কিছু মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযানে ছয়জন সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করে জব্দ করা আলামতসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী অভিযোগ করেন, কিছু সংবাদমাধ্যম ঘটনার কয়েক সেকেন্ডের ভিডিও ও ছবি প্রচার করে সামগ্রিক প্রেক্ষাপট তুলে ধরেনি। এতে অভিযান, পুলিশের ভূমিকা, মাদকদ্রব্য জব্দ এবং ছয়জনকে আটকের বিষয়গুলো উপেক্ষিত হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই এবং ঘটনার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট তুলে ধরার জন্য গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান।
এদিকে, অভিযানের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনা নিয়ে সমালোচনার মধ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তদন্তের উদ্যোগ নিয়েছে। ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, ওয়ারী বিভাগের উপকমিশনারকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দিতে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।