ভোলার তজুমদ্দিনে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে বৃদ্ধার কানের দুল নিয়ে উধাও প্রতারক চক্র

Date: 2026-11-11
news-banner

তজুমদ্দিন(ভোলা) প্রতিনিধি :

ভোলার তজুমদ্দিন উপজেলায় সরকারি সুবিধা ও ফ্যামিলি কার্ড করে দেওয়ার লোভ দেখিয়ে এবং ছবি তোলার অজুহাতে ৬০ বছর বয়সী এক বৃদ্ধার কানের স্বর্ণের দুল কৌশলে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।

আজ বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকাল ৮টার দিকে উপজেলার ৫নং শম্ভুপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের (দক্ষিণ শিবপুর) মিজি বাড়ি এলাকায় এই প্রতারণার ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই বৃদ্ধার নাম জয়নব বিবি (৬০)। তিনি মৃত ছালেম মিজির স্ত্রী। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে প্রতারক চক্রের এক বা একাধিক সদস্য জয়নব বিবির বাড়িতে আসে। এ সময় তারা তাকে সরকারি বিভিন্ন সহায়তা পাইয়ে দেওয়া এবং নতুন ফ্যামিলি কার্ড তৈরি করে দেওয়ার কথা বলে। কার্ডের কাজের জন্য ছবি তোলার প্রয়োজন রয়েছে জানিয়ে বিভিন্ন কথা বলে বৃদ্ধার মনোযোগ অন্যদিকে সরিয়ে নেয় প্রতারকরা।

 একপর্যায়ে অত্যন্ত কৌশলে বৃদ্ধার কানের স্বর্ণের দুল খুলে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। পরে বৃদ্ধা ও তার পরিবার বিষয়টি বুঝতে পেরে কান্নাকাটি শুরু করেন এবং আশপাশে খোঁজাখুঁজি করেও প্রতারকদের কোনো সন্ধান পাননি।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে এ ধরনের প্রতারক চক্রের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এই প্রতারক চক্রকে দ্রুত আইনের আওতায় এনে তাদের কঠোর শাস্তি এবং খোয়া যাওয়া স্বর্ণের দুল উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
advertisement image

Leave Your Comments