আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-স্টাফের অনুপস্থিতি, ওষুধ ও পানির সংকটে রোগীরা

Date: 2026-11-15
news-banner
 আমতলী প্রতিনিধি 

বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্ধারিত সময়ে চিকিৎসক ও কর্মচারীদের উপস্থিতি নিয়ে অভিযোগ উঠেছে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধের সংকট, সুপেয় পানির অভাব এবং জনবলসংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা।এতে দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।

সরেজমিনে দেখা যায়, সকাল ৮টায় অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯টা পার হওয়ার পরও হাসপাতালের বিভিন্ন বিভাগে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীদের উপস্থিতি চোখে পড়েনি। ওই সময় হাসপাতালে ৩০ থেকে ৪০ জন রোগী ভর্তি ছিলেন। নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতি না থাকায় চিকিৎসাসেবা নিয়ে অনিশ্চয়তায় পড়েন রোগীরা।

হাসপাতালে ভর্তি কয়েকজন রোগীর অভিযোগ, চিকিৎসকেরা নিয়মিত ও সময়মতো দায়িত্ব পালন করেন না। এ ছাড়া হাসপাতাল থেকে প্রয়োজনীয় ওষুধ পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় না। ফলে ব্যবস্থাপত্র অনুযায়ী অধিকাংশ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে তাঁদের।

জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা আবু সুফিয়ান বলেন, ‘মাত্র পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে চিকিৎসা নিতে এসেছি। চিকিৎসক কয়েকটি ওষুধ লিখে দিয়েছেন। কিন্তু হাসপাতাল থেকে নাপা ছাড়া আর কোনো ওষুধ দেওয়া হয়নি। বাকি সব ওষুধ বাইরে থেকে কিনতে হয়েছে। সরকারি হাসপাতালে এসেও যদি ওষুধ বাইরে থেকে কিনতে হয়, তাহলে এখানে এসে লাভ কী?’

নাসির নামের এক রোগীর স্বজন বলেন, হাসপাতালের পরিবেশ ভালো নয়। এর ওপর পানির সংকট রয়েছে। প্রয়োজনীয় ওষুধও বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। এতে রোগী ও স্বজনদের বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে।
হাসপাতালে চিকিৎসাসেবার পাশাপাশি দেখা দিয়েছে তীব্র সুপেয় পানির সংকট। হাসপাতাল চত্বরে থাকা চারটি নলকূপই দীর্ঘদিন ধরে অকেজো। ফলে রোগী ও তাঁদের স্বজনদের খাবার পানির জন্য বাইরে নির্ভর করতে হচ্ছে।

এক রোগীর স্বজন বলেন, ‘হাসপাতালে চিকিৎসা নিতে এসে খাবার পানির মতো মৌলিক সুবিধাটুকুও পাচ্ছি না। চারটি নলকূপ থাকলেও একটিও ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে বাইরে থেকে পানি কিনে খেতে হচ্ছে, অথবা অন্য জায়গা থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। অসুস্থ রোগী ও তাঁদের স্বজনদের জন্য এটি খুবই কষ্টকর।’

হাসপাতালের এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন ব্যক্তিরাও। স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান সালেহ বলেন, হাসপাতালের অনিয়ম ও সেবার ঘাটতিগুলো দ্রুত সমাধানে কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। রোগীরা যেন চিকিৎসা, ওষুধ কিংবা প্রয়োজনীয় সেবার জন্য হাসপাতালের বাইরে যেতে বাধ্য না হন, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. হিমেল পাল বলেন, হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকা বাধ্যতামূলক। কেউ ইচ্ছাকৃতভাবে দায়িত্বে অবহেলা করে দেরিতে উপস্থিত হলে তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

সুপেয় পানির সংকটের বিষয়ে তিনি বলেন, হাসপাতালের অধিকাংশ নলকূপ অগভীর হওয়ায় সেগুলোতে পানি উঠছে না। এ সমস্যা সমাধানে সাবমার্সিবল পাম্প স্থাপনের জন্য উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসককে জানানো হয়েছে। আশা করা হচ্ছে, শিগগিরই এ সমস্যার সমাধান হবে।

হাসপাতালের জনবলসংকটের কথা স্বীকার করে ডা. হিমেল পাল আরও বলেন, ৫০ শয্যার এ হাসপাতালে চিকিৎসকের ৩১টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন ১০ জন। নার্সের ৩৮টি পদের বিপরীতে কর্মরত আছেন ৩০ জন। সবচেয়ে বড় সমস্যা হলো, হাসপাতালে কোনো মেডিকেল টেকনোলজিস্ট নেই। এ ছাড়া আধুনিক ডিজিটাল যন্ত্রপাতিরও প্রয়োজন রয়েছে। এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
advertisement image

Leave Your Comments