ঢাক-শঙ্খের ধ্বনিতে মুখর মরজাল মোদক বাড়ি, শুরু সপ্তমীর পূজা

Date: 2026-10-17
news-banner

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি।

নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল মোদক বাড়িতে মন্ত্রপাঠ ও ঢাক-শঙ্খধ্বনির মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের সপ্তমীর আনুষ্ঠানিকতা। 


শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকে পূজামণ্ডপে দেবী দুর্গার আরাধনা, নবপত্রিকা স্থাপন ও পুষ্পাঞ্জলিসহ নানা ধর্মীয় আয়োজন শুরু হয়। ষষ্ঠীতে দেবীর বোধন ও আমন্ত্রণের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সপ্তমী থেকে শুরু হয় পূজার মূল আয়োজন। এ উপলক্ষে মরজাল মোদক বাড়ির পূজামণ্ডপে ভক্তদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


বাংলা পঞ্জিকা ও তিথির বিশেষ বিন্যাসের কারণে এ বছর মহাসপ্তমী তিথি ১৭ ও ১৮ অক্টোবর—শনি ও রবিবার দুই দিন বিস্তৃত হয়েছে। এ কারণে এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা ছয় দিন ধরে চলবে বলে আয়োজকেরা জানিয়েছেন।


শাস্ত্রমতে, এবার দেবী দুর্গার আগমন ঘোড়ায় এবং গমন নৌকায়। প্রচলিত ধর্মীয় ব্যাখ্যায় ঘোড়ায় আগমনকে সামাজিক, রাজনৈতিক ও সামরিক অস্থিরতার প্রতীক হিসেবে দেখা হয়। অন্যদিকে, নৌকায় গমনকে প্রবল বন্যা ও খরার ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করা হয়।


মরজাল মোদক পাড়া পূজা কমিটির সদস্যরা জানান, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্‌যাপনে সার্বিক সহযোগিতা করছেন রায়পুরা উপজেলার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি নিয়মিত পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন বলেও জানান তাঁরা।


আয়োজকেরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পূজার বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসব শেষ হওয়ার কথা রয়েছে।


উল্লেখ্য, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। মহালয়া, বোধন ও সন্ধিপূজাসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এ উৎসব উদ্‌যাপিত হচ্ছে।

advertisement image

Leave Your Comments