অভিযুক্ত মামুন শিকদার এর বিরুদ্ধে দেখার যেন কেউ নেই।।
ভোলা প্রতিনিধি:
ভোলার চচরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের দুদুমিয়ার ব্রিজ সংলগ্ন দক্ষিণ আসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ ও আশপাশের সরকারি জায়গা অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে মামুন শিকদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের ৬ নম্বর ওয়ার্ডের খেলার মাঠে কলাগাছ রোপণ এবং বিদ্যালয়ের করিডোরসংলগ্ন স্থানে স্যানিটারি সামগ্রী নির্মাণের কাজ করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, শিশুদের খেলাধুলার জন্য নির্ধারিত মাঠ এবং বিদ্যালয়ের আশপাশের জায়গা দখল করে কলাগাছ রোপণ করায় শিক্ষার্থীদের স্বাভাবিক খেলাধুলা ও বিদ্যালয়ের পরিবেশ ব্যাহত হচ্ছে। শুধু বিদ্যালয় প্রাঙ্গণ নয়, দুদুমিয়ার ব্রিজসংলগ্ন সরকারি মুজিব কিল্লার জায়গা দখল করে সেখানে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, একসময় সরকারি মুজিব কিল্লা এলাকায় বিভিন্ন সামাজিক ও বেসরকারি সভা-সমাবেশসহ নানা ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। কিন্তু বর্তমানে জায়গাটি দখল হয়ে যাওয়ায় এসব সামাজিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। এ ছাড়া দক্ষিণ আসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশের জায়গায় কলাগাছ রোপণ এবং বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগও রয়েছে।
এদিকে স্থানীয়দের আরও অভিযোগ, মসজিদের মাঠে গরু পালন করায় বিভিন্ন স্থানে গোবর জমে থাকে। এতে মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে কেউ প্রতিবাদ করলে তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং গায়ে হাত তোলার অভিযোগও করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।
এ বিষয়ে দক্ষিণ আসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যুগলচন্দ্র রায়ের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, মামুন শিকদার ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক খেলার মাঠে কলা গাছ রোপন এবং বিদ্যালয়ের করিডর সংলগ্ন স্থানে সেনেটারী নির্মাণের কাজ করেছেন বলে তিনি জানান।
অভিযুক্ত মামুন শিকদারের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
স্থানীয়দের দাবি অভিযুক্তের এসব কর্মকাণ্ডের বিষয়ে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হয়েছে। এমনকি বিষয়টি সংশ্লিষ্ট মহলের নজরে আনা হয়েছে বলে জানান তারা।
তবে এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
এলাকাবাসীর প্রশ্ন শিক্ষার্থীদের খেলার মাঠ সরকারি সম্পত্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা যদি এভাবে দখল ও ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়,তাহলে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করবে কে?
তাই দ্রুত তদন্ত করে বিদ্যালয়ের খেলার মাঠ সরকারি মজিবকিল্লা ও মসজিদের মাঠের জায়গা দখলের অভিযোগ খতিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।