কলাপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

Date: 2026-11-16
news-banner
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়ার বেতকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয়রা। নানা অনিয়ম, দায়িত্বে অবহেলা ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থাকার অভিযোগ এনে সোমবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন দায়িত্ব পালনকালে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না।  এমনকি বিদ্যালয়ে না এসেও শিক্ষক হাজিরা খাতায় গোপনে স্বাক্ষর করেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া বিদ্যালয়ের দায়িত্ব পালন না করে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মামলা-মোকদ্দমা, শালিস-বাণিজ্য ও জমি সংক্রান্ত দালালিতে জড়িত থাকার অভিযোগও তোলেন তারা।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিভাবক আব্দুল সাত্তার হাই, আব্দুল রশিদ, মোঃ পান্নাত হাওলাদার, সাহিদা বেগম, আঁকিনুর বেগম ও বাতেন তালুকদার।

বেতকাটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন জানান, “অসুস্থতার কারণে নিয়মিত ক্লাস করতে পারছি না। তবে মামলার বিষয়টি পারিবারিক।”

মানববন্ধনকারীরা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের দাবি, বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষককের নিয়মিত উপস্থিতি ও দায়িত্বশীলতা নিশ্চিত করা প্রয়োজন।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহিদা বেগম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। 
advertisement image

Leave Your Comments