লালমোহন প্রতিনিধি
ভোলার লালমোহন পৌরসভার দত্তপাড়া পুকুরপাড় এলাকায় সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৌর কর্তৃপক্ষ এবং যৌথবাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
পৌরসভা সূত্রে জানা গেছে, শহরের সৌন্দর্যবর্ধন ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে পুকুরপাড়ের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট সরিয়ে নিতে এর আগে একাধিকবার মাইকিং করে সতর্ক করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে দখলদাররা স্থাপনা ও মালামাল সরিয়ে না নেওয়ায় শেষ পর্যন্ত উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন।
অভিযান চলাকালে স্থানীয় কয়েকজন দখলদার বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে যৌথবাহিনী মোতায়েন করা হয়। পরে যৌথবাহিনীর নিরাপত্তায় দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
উপজেলা ও পৌর প্রশাসন জানিয়েছে, পৌর শহরের সৌন্দর্যবর্ধন, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং সরকারি জায়গা দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের কঠোর অবস্থান থাকবে।