বাঘা উপজেলা(রাজশাহী)প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মোহাম্মদ সোহেল রানা (সোহেল রানা) নামে এক পান বিক্রেতাকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার নারায়ণপুর বাজারে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, নারায়ণপুর বাজারে প্রকাশ্যে উচ্চস্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেন সোহেল রানা। এ সময় তিনি এক সপ্তাহের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার এবং সেনাবাহিনী ক্ষমতা দখল করবে বলেও মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে।
এ সময় বাজারে চিৎকার-চেঁচামেচি করার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। ঘটনাটি স্থানীয় লোকজনের নজরে এলে তারা সোহেল রানাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
আটক সোহেল রানা বাঘা উপজেলার নারায়ণপুর বাজারের একজন পান দোকানি। তিনি বাঘা পৌর এলাকার গাঁওপাড়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।