কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে ভোররাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে নিরাপত্তাকর্মীর সতর্ক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে কার্যালয়টি। এ ঘটনায় কেউ হতাহত হননি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাত চারটার দিকে পৌর শহরের রহমতপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের কলাপাড়া শাখা ব্যবস্থাপক ভবনের দোতলায় এ ঘটনা ঘটে।
ব্যাংক সূত্রে জানা যায়, ভোররাতে দুর্বৃত্তরা শাখা কার্যালয়ের দোতলায় আগুন ধরিয়ে দেয়। এ সময় দায়িত্বে থাকা নৈশপ্রহরী কিশোর আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর ডাক শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে নৈশপ্রহরী ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ সময় আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রাচীর টপকে পালিয়ে যায়।
গ্রামীণ ব্যাংকের কলাপাড়া শাখা ব্যবস্থাপক মো. আলাউদ্দিন বলেন, ‘ভোররাতে শাখা কার্যালয়ের দোতলায় আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় নৈশপ্রহরী কিশোর বিষয়টি দেখে ফেললে তিনি জোরে ডাক চিৎকার করেন। পরে স্থানীয়রা ছুটে এলে তাঁদের সহযোগিতায় আগুন নেভানো হয়। তবে আগুন দেওয়ার পর দুর্বৃত্তরা প্রাচীর টপকে পালিয়ে যায়।’
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যেকোনো ধরনের নাশকতা এড়াতে আমরা তৎপর রয়েছি।’ এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার সকালে সরেজমিনে ব্যাংক কার্যালয়ে গিয়ে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া স্থান পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করছেন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। এ সময় সেখানে পুলিশের একটি টহল দলও উপস্থিত ছিল। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ অগ্নিসংযোগ করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more