গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য, কৃষকের আনন্দ আর নতুন ধানের ঘ্রাণে মুখরিত হয়ে উঠেছে কলাপাড়া। বাঙালির হাজার বছরের লোকজ সংস্কৃতি ও কৃষিভিত্তিক ঐতিহ্যের ধারাবাহিকতায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা সার্বজনীন মতুয়া হরিমন্দিরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব।
বুধবার (১৮ নভেম্বর) পহেলা অগ্রহায়ণ উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়। এদিন বেলা ১১টায় মন্দির প্রাঙ্গণ থেকে ঢাকঢোল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পার্শ্ববর্তী আরও তিনটি মন্দির প্রদক্ষিণ করে পুনরায় মূল মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে নতুন আমন ধানের চাল দিয়ে তৈরি পায়েস, পিঠা, মলিদাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী খাবার ভক্তদের মাঝে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। উৎসবকে ঘিরে এর আগে থেকেই মন্দির আঙিনায় নেওয়া হয় নানা আয়োজন। ধর্মীয় আচার-অনুষ্ঠান, আনন্দ-উচ্ছ্বাস ও সম্প্রীতির আবহে পুরো মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর।
এতে বিভিন্ন বয়সী ও সম্প্রদায়ের শতাধিক ভক্ত অংশগ্রহণ করেন। নতুন ফসল ঘরে তোলার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য ও পারস্পরিক সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয় এ আয়োজন।
মন্দিরের সাধারণ সম্পাদক নয়নাভিরাম গাইন বলেন, “নবান্ন বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। নতুন ধান ঘরে তোলার আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতেই আমরা প্রতি বছর পহেলা অগ্রহায়ণে এ উৎসবের আয়োজন করে থাকি। মতুয়া সম্প্রদায়সহ সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে এ উৎসবে অংশগ্রহণ করেন।
আমাদের এ আয়োজনের মূল উদ্দেশ্য শুধু নতুন ফসলের আনন্দ উদযাপন নয়, বরং পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন একসঙ্গে মিলেমিশে আনন্দ ভাগাভাগি করতে পারে, সেটিই আমাদের প্রত্যাশা। নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতেও আমরা প্রতিবছর এ আয়োজন অব্যাহত রাখতে চাই।”
উল্লেখ্য, নবান্ন বাঙালির অন্যতম প্রাচীন লোকজ উৎসব। অগ্রহায়ণ মাসে নতুন আমন ধান ঘরে ওঠার আনন্দকে কেন্দ্র করে গ্রামবাংলায় এ উৎসবের প্রচলন। নতুন চালের পিঠা-পায়েস, আত্মীয়-স্বজনের আপ্যায়ন এবং আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে বাঙালির কৃষিনির্ভর জীবন, ঐতিহ্য ও সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটে নবান্ন উৎসবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more