আমতলীতে সরকারি সেবায় নাগরিক অধিকার ও জনবান্ধব বাজেট নিয়ে সংলাপ

Date: 2026-11-15
news-banner
আবু জিহাদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে সরকারি সেবায় নাগরিকের অধিকার নিশ্চিতকরণ, জনবান্ধব বাজেট প্রণয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর সরকারি সেবায় প্রবেশাধিকার সহজ করার লক্ষ্যে উপজেলা পর্যায়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়। জিএফএ কনসালটিং গ্রুপ ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর অর্থায়নে এবং আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের (উই ক্যান) সহযোগিতায় ‘নাগরিক প্রকল্প’-এর আওতায় কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি) এ সংলাপের আয়োজন করে।

আড়পাঙ্গাশিয়া নাগরিক কমিটির সভাপতি মাযারুল ইসলাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. রাসেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিবিডিপির প্রোগ্রাম ম্যানেজার রিয়াজুল ইসলাম।

সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আমতলী উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মো: আবু জিহাদ, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইদ্রিস হাওলাদার, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বশির হাওলাদার এবং ইউপি সদস্য মো. দুলাল হাওলাদারসহ উপজেলা ও ইউনিয়ন নাগরিক কমিটির নেতৃবৃন্দ, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজনেরা অংশগ্রহণ করেন।

সংলাপে সরকারি সেবায় নাগরিকের প্রাপ্য অধিকার, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বয়স্ক ও বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, সুবর্ণ নাগরিক কার্ড, আইনগত সহায়তা এবং সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা সরকারি সেবা পেতে তাঁদের নানা অভিজ্ঞতা, ভোগান্তি, সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, অনেক ক্ষেত্রে প্রাপ্য সরকারি সেবা সম্পর্কে পর্যাপ্ত তথ্যের অভাব, জটিল আবেদনপ্রক্রিয়া এবং প্রয়োজনীয় দিকনির্দেশনার ঘাটতির কারণে প্রকৃত সুবিধাভোগীরা প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হন। এ পরিস্থিতি উত্তরণে সরকারি সেবা সম্পর্কে তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রচার, সেবাপ্রাপ্তির প্রক্রিয়া সহজীকরণ এবং যোগ্য ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমতা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের হয়রানিমুক্ত সেবা প্রদানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বিশেষ করে নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক মানুষ এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সরকারি সেবায় সমান সুযোগ ও প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সংলাপে স্থানীয় উন্নয়ন পরিকল্পনা ও জনবান্ধব বাজেট প্রণয়নে সাধারণ মানুষের কার্যকর অংশগ্রহণের বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। বক্তারা বলেন, একটি জনকল্যাণমুখী বাজেট প্রণয়নের ক্ষেত্রে স্থানীয় মানুষের প্রকৃত চাহিদা, সমস্যা ও অগ্রাধিকার প্রতিফলিত হওয়া প্রয়োজন। এ জন্য বাজেট প্রণয়ন ও উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন পর্যায়ে নারী, প্রান্তিক জনগোষ্ঠী এবং সাধারণ নাগরিকদের মতামত গ্রহণ ও তাঁদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

এ ছাড়া নারীর নেতৃত্ব ও প্রতিনিধিত্ব বৃদ্ধি, জেন্ডার সমতা প্রতিষ্ঠা, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ব্যবহার এবং মানবাধিকারভিত্তিক সেবা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। সংলাপে নাগরিকদের উত্থাপিত বিভিন্ন সমস্যা ও দাবির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সেবার ধরন, সেবা পাওয়ার নিয়ম, বিদ্যমান সুযোগ-সুবিধা এবং সেবাপ্রাপ্তির প্রতিবন্ধকতা দূরীকরণে করণীয় বিষয়ে মতবিনিময় করা হয়। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও নাগরিক কমিটির মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় অংশগ্রহণকারীরা মনে করেন, নাগরিকদের মতামত ও চাহিদাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়ন করা হলে সরকারি সেবার মান বাড়বে এবং প্রকৃত সুবিধাভোগীরা তাঁদের প্রাপ্য অধিকার সহজে ভোগ করতে পারবেন। এ জন্য তৃণমূল পর্যায়ে নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং সরকারি দপ্তরগুলোর সঙ্গে জনগণের কার্যকর যোগাযোগ ও অংশীদারত্ব জোরদার করা জরুরি।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের নাগরিক সংলাপের মাধ্যমে স্থানীয় জনগণের সমস্যা ও প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা সম্ভব হবে। পাশাপাশি সরকারি সেবায় প্রান্তিক জনগোষ্ঠীর প্রবেশাধিকার বৃদ্ধি, জনবান্ধব বাজেট প্রণয়নে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক সুশাসন প্রতিষ্ঠায় এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

advertisement image

Leave Your Comments