জাতীয় দলে রোনালদোর ফেরা নিয়ে শঙ্কা, বোনের কথায় বাড়ল জল্পনা

Date: 2026-10-16
news-banner


ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল জাতীয় দলে ফেরা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল। নভেম্বরে তাঁকে দলে ফেরানোর আশায় রয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। তবে রোনালদোর বোন এলমা আভেইরোর মন্তব্যে তাঁর প্রত্যাবর্তন নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে।


স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, বুধবার একটি বই প্রকাশনা অনুষ্ঠানে রোনালদোর জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলেন এলমা। সেখানে পর্তুগাল কোচ জর্জ জেসুসও উপস্থিত ছিলেন। রোনালদোর ফেরার বিষয়ে এলমা বলেন, ‘হ্যাঁ হওয়ার চেয়ে না হওয়ার সম্ভাবনাই বেশি। আমার মনে হয়, দুজনেই—রোনালদো ও জেসুস—আঘাত পেয়েছেন। এটি এমন একটি পরিস্থিতি, যেখানে তাঁরা নিজেরা মুখোমুখি। আমি শুধু আমার ভাইয়ের হয়ে কথা বলছি।’


তিনি আরও বলেন, পরিস্থিতি এখনো থমকে আছে। বিশ্বাসভঙ্গের শিকার হলে সবকিছু আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা কঠিন। চলতি মাসে আন্তর্জাতিক বিরতিতে পর্তুগালের হয়ে নেশনস লিগের ম্যাচগুলোকে ঘিরে রোনালদো ও কোচ জর্জ জেসুসের মধ্যে বিরোধ তৈরি হয়। নরওয়ের বিপক্ষে বেঞ্চে থাকার পর ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান ৪১ বছর বয়সী এই তারকা। পরে তিনি অভিযোগ করেন, কোচ তাঁর সঙ্গে করা দুটি প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। একই সঙ্গে দল ছেড়ে যাওয়ার জন্য নিজের শাস্তিও দাবি করেন তিনি।


এরপর পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) রোনালদোকে সাময়িকভাবে নিষিদ্ধ করে। তবে ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েন্সা নভেম্বরে তাঁকে জাতীয় দলে ফেরানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। পোর্তোর নতুন মাঠ উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, অধিনায়ককে ফিরে পাওয়ার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

রোনালদোর সতীর্থরাও বিরোধের সমাধান চান। পর্তুগালের মিডফিল্ডার ভিতিনিয়া আশা প্রকাশ করেছেন, রোনালদো ফিরে আসবেন এবং সবকিছু ঠিক হয়ে যাবে।


এদিকে রোনালদোর অর্জন যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে না বলে হতাশা প্রকাশ করেছেন তাঁর বোন এলমা। তাঁর মতে, পর্তুগালের ফুটবলে রোনালদোর অবদান আরও বেশি স্বীকৃতি পাওয়ার যোগ্য। সব মিলিয়ে, নভেম্বরে জাতীয় দলে রোনালদোর প্রত্যাবর্তন হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। কোচের সঙ্গে বিরোধের সমাধান এবং দুই পক্ষের অবস্থানের ওপরই নির্ভর করছে পর্তুগালের জার্সিতে তাঁর ফেরার সম্ভাবনা।

advertisement image

Leave Your Comments