ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৯৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। সিকান্দার রাজার নেতৃত্বাধীন দলের এমন দাপুটে জয়ের পর স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছে তাদের শক্তির রহস্য। জিম্বাবুয়ের অধিনায়কের মতে, দলের ঐক্য, ইতিবাচক সংস্কৃতি এবং ক্রিকেটারদের আত্মবিশ্বাসই তাদের সাফল্যের মূল ভিত্তি। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই সতীর্থদের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রাখেন বলে জানিয়েছেন রাজা। তাঁর মতে, দলের প্রত্যেক ক্রিকেটারই বিশ্বাস করেন, যেকোনো পরিস্থিতিতে নিজের দায়িত্ব পালন করে দলকে জেতাতে পারবেন।
রাজা বলেন, ‘দলের ঐক্য এবং সংস্কৃতিতে আমাদের শক্তি আছে। সবার সামর্থ্যের ওপর আমাদের পুরো বিশ্বাস রয়েছে। যে কারও হাতে বল থাকলেই তারা বিশ্বাস করে, দলের জন্য কাজটা করে দিতে পারবে। ব্যাট হাতে আমরা বিশ্বাস করি, যেকোনো জায়গা থেকে দলকে জেতাতে পারব। এসবের মাঝেই আমাদের শক্তি। জিম্বাবুয়ের শক্তি হচ্ছে, এখানকার ছেলেরা দক্ষতায় পূর্ণ। আমাদের মধ্যে ঐক্য ও সংস্কৃতিটাও ভালো।’
বাংলাদেশের ফাইনালে ওঠার সমীকরণেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জিম্বাবুয়ের পরবর্তী ম্যাচ। আফগানিস্তানের বিপক্ষে রাজাদের জয় বাংলাদেশের জন্য ফাইনালে ওঠার পথ সহজ করতে পারে। তবে এ নিয়ে এখনই বেশি ভাবতে চান না জিম্বাবুয়ে অধিনায়ক। হাসতে হাসতে রাজা বলেন, ‘আগে এই ম্যাচের ধকল কাটিয়ে উঠি। আরও ৩০ ঘণ্টার মতো বাকি আছে। ইনশাআল্লাহ, আমরা আফগানিস্তানের বিপক্ষেও নিজেদের সেরাটা দেব। এরপর দেখা যাক কী হয়।’
দলের সাফল্যে দর্শকদের অবদানের কথাও তুলে ধরেছেন এই অলরাউন্ডার। বিশ্বের বিভিন্ন প্রান্তে জিম্বাবুয়ের সমর্থকদের উপস্থিতি ক্রিকেটারদের বাড়তি অনুপ্রেরণা জোগায় বলে জানান তিনি। রাজা বলেন, ‘পুরো বিশ্বের সব সমর্থককে ধন্যবাদ দিতে চাই। যেখানেই যাই, সেখানেই জিম্বাবুয়ানরা থাকলে মাঠে সমর্থন দিতে চলে আসে। তারা আমাদের দেখে অনেক খুশি হয় এবং দারুণ শক্তি নিয়ে আসে। আমাদের পরিবার ও বন্ধুরাও বড় সমর্থক। আশা করি, সামনেও তারা আমাদের সমর্থন দিতে আসবে। প্রতি ভেন্যুতে তাদের দেখতে পেরে আমাদের দারুণ লাগে।’
ম্যাচে শুরুতেই বিপাকে পড়েছিল জিম্বাবুয়ে। মাত্র ২৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। তবে সেখান থেকে ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেলরের ১৫০ রানের জুটি দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যায়। এমন পরিস্থিতিতে ব্যাটারদের প্রতি নিজের বার্তার কথাও জানিয়েছেন রাজা। তাঁর মতে, ভালো ইনটেন্ট বা ইতিবাচক মানসিকতা ধরে রাখার পাশাপাশি উইকেট, কন্ডিশন ও ম্যাচের পরিস্থিতি বুঝে খেলাও জরুরি।
রাজা বলেন, ‘যখন জুটি গড়বে, তখন হয়তো দ্রুত কিছু রান তুলে ফেলতে চাইবে। তবে এর সঙ্গে উইকেট, কন্ডিশন, পরিস্থিতি এবং এই ভেন্যুর পরিসংখ্যানও বুঝতে হবে। আমার বার্তা ছিল, তোমাদের ইনটেন্ট বেশ ভালো, খেলার প্রবাহও ভালো। এভাবেই চালিয়ে যাও। বেশি কিছু পরিবর্তন করতে হবে না।’