বাবার মতোই বিধ্বংসী শেবাগপুত্র, ৮ ছক্কা ও ১৯ চারে ১৭৩ রান

Date: 2026-10-16
news-banner

ক্রীড়া প্রতিবেদক


ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগের মতোই ব্যাট হাতে ঝড় তুলেছেন তাঁর ছেলে আর্যবীর শেবাগ। ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টুর্নামেন্ট ভিনু মানকড় ট্রফিতে চণ্ডীগড়ের বিপক্ষে মাত্র ১৪৩ বলে ১৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ১৮ বছর বয়সী এই ক্রিকেটার। তাঁর ইনিংসে ছিল ১৯টি চার ও ৮টি ছক্কা।


শুক্রবার (১৬ অক্টোবর) চণ্ডীগড়ের বিপক্ষে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৯ রান সংগ্রহ করে দলটি। দিল্লির ইনিংসের মূল আকর্ষণ ছিলেন অধিনায়ক আর্যবীর। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন এই তরুণ ওপেনার। উদ্বোধনী জুটিতে অর্নব বুগ্গার সঙ্গে ৯৮ রান যোগ করেন তিনি। ৪৭ রান করে অর্নব আউট হলে ভাঙে এই জুটি। এরপর ১০৭ রানে দ্বিতীয় উইকেট হারায় দিল্লি।


তবে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন আর্যবীর। উইকেটকিপার ব্যাটসম্যান অভিরাজ সিংয়ের সঙ্গে তৃতীয় উইকেটে ৪৮ রান যোগ করেন তিনি। অভিরাজের ব্যাট থেকে আসে ১৮ রান। একপর্যায়ে ১৭৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দিল্লি। সেখান থেকে শান্তনু যাদবকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে ৮৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন আর্যবীর। শান্তনু করেন ২৭ রান। শেষ পর্যন্ত ইনিংসের ৪৬তম ওভারে শ্রেষ্ঠ দুগ্গলের বলে আউট হন দিল্লির অধিনায়ক। ততক্ষণে তাঁর নামের পাশে জমা হয়েছে ১৭৩ রান। চণ্ডীগড়ের বোলারদের মধ্যে রূপেশ যাদব নিয়েছেন ২ উইকেট।


আর্যবীরের ইনিংসটি ছিল বাবার ব্যাটিংশৈলীরই প্রতিচ্ছবি। ১৪৩ বলের ইনিংসে চার ও ছক্কা থেকেই ১২৪ রান করেন তিনি। আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত বীরেন্দর শেবাগ টেস্ট ক্রিকেটেও ওয়ানডের মেজাজে ব্যাট চালিয়ে প্রতিপক্ষের বোলারদের চাপে রাখতেন। ছেলের ব্যাটিংয়েও দেখা যাচ্ছে সেই আগ্রাসী মানসিকতার ছাপ। তবে আর্যবীরের প্রতিভার প্রমাণ এবারই প্রথম নয়। গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে তিন ম্যাচের যুব ওয়ানডে সিরিজে ১০৯ রান করেছিলেন তিনি। সিরিজের দ্বিতীয় ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন এই ওপেনার। রানআউট না হলে তাঁর ফিফটি পূর্ণ হওয়ার সম্ভাবনাও ছিল। শেষ ম্যাচে করেন ৩৪ রান।


অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের পর এবার ঘরোয়া ক্রিকেটেও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন আর্যবীর। গত সেপ্টেম্বরে রাজকোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে অভিষেক হয় তাঁর। বর্তমানে ভিনু মানকড় ট্রফিতে দিল্লির অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে টুর্নামেন্টের আগের ম্যাচে কর্ণাটকের বিপক্ষে বড় ব্যবধানে পিছিয়ে পড়েছিল দিল্লি। সেই ম্যাচে কর্ণাটক ৪১৮ রান তুললে জবাবে ২২০ রানে অলআউট হয় দিল্লি। ওই ম্যাচে আর্যবীর করেছিলেন ৩২ রান। তবে চণ্ডীগড়ের বিপক্ষে এবার নিজের ইনিংসকে বড় করে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দিয়েছেন তিনি। দিল্লি প্রিমিয়ার লিগেও খেলার অভিজ্ঞতা রয়েছে আর্যবীরের। সেখানে ওয়েস্ট দিল্লি লায়নসের হয়ে খেলেছেন তিনি। বয়স মাত্র ১৮ হলেও ধারাবাহিক পারফরম্যান্স ও আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে ইতিমধ্যে নজর কেড়েছেন এই তরুণ ক্রিকেটার।

advertisement image

Leave Your Comments