ক্রীড়া ডেস্ক:
ত্রিদেশীয় সিরিজের আগে নতুন এক চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টির পর এবার ওয়ানডেতেও অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন লিটন দাস আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে শুরু হতে যাওয়া এই সিরিজে মাঠের পারফরম্যান্স দিয়েই নিজেদের সামর্থ্য প্রমাণ করতে চায় টাইগাররা। নতুন অধিনায়কের নেতৃত্বে দল হিসেবে ভালো করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।
আগামীকাল ১৭ অক্টোবর আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি, নতুন অধিনায়ক লিটন দাস এবং আবুধাবির গরমের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন মোসাদ্দেক। বাংলাদেশের সর্বশেষ ওয়ানডে সিরিজেও অধিনায়কের দায়িত্বে ছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে এবার টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও লিটন দাসের ওপর আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের মধ্য দিয়ে ওয়ানডে অধিনায়ক হিসেবে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন লিটন।
নতুন অধিনায়ককে নিয়ে আশাবাদী মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি জানান, দলের প্রত্যেক ক্রিকেটারকে নিজের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন লিটন। অধিনায়ক হিসেবে তাঁর ক্রিকেট বোঝার ক্ষমতা দলকে এগিয়ে নিতে সহায়ক হবে বলেও মনে করেন তিনি। মোসাদ্দেক বলেন, “গতকাল রাতেও আমাদের মধ্যে আলাপ-আলোচনা হয়েছে। সবাইকে সবার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয়, সবাই নিজের দায়িত্বের জায়গা থেকে খুবই পরিষ্কার। লিটনকে আমরা সবাই আগে থেকেই চিনি। সবাই খুবই উচ্ছ্বসিত। সে উইকেটের পেছনে দাঁড়িয়ে যেভাবে খেলাটা বুঝতে পারে, সেগুলো অধিনায়ক হিসেবে সুবিধাজনক। আমার কাছে মনে হয়, সে অধিনায়ক হিসেবে ভালো করবে। এখন দল হিসেবে আমরা সেটা মাঠে প্রমাণ করব, ইনশাআল্লাহ।”
ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি দল হিসেবে ভালো খেলাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন মোসাদ্দেক। তাঁর মতে, মাঠের পারফরম্যান্সই বলে দেবে বাংলাদেশ কতটা ভালো দল। তিনি বলেন, “আমার কাছে মনে হয়, মাঠের ক্রিকেটটা ভালো খেলতে পারলে সেখানেই প্রমাণ করে দেওয়া যাবে আমরা কতটা ভালো দল। সবাইকে মিলেই প্রমাণ করতে হবে, আমরা দল হিসেবে কতটা ভালো খেলতে পারছি। ক্রিকেট দলগত খেলা। এখানে দল হিসেবে কত ভালো করতে পারছি, সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”
আবুধাবির তীব্র গরমের সঙ্গে মানিয়ে নেওয়াও বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর আগে এই কন্ডিশনে টেস্ট খেলেছে বাংলাদেশ। এবার ওয়ানডে সিরিজ সামনে রেখে নতুন করে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন দলের ক্রিকেটাররা।
মোসাদ্দেক বলেন, “চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। আমাদের দেশ থেকে এখানে গরম বেশি। আজকের আবহাওয়া একটু বেশি গরম। যারা পরে এসেছি, আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আজ ও কালকের অনুশীলনে আমার কাছে মনে হয়, প্রথম ম্যাচের আগে এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারব।”
নতুন অধিনায়ক, প্রতিপক্ষের কঠিন চ্যালেঞ্জ এবং ভিন্ন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার পরীক্ষা—সব মিলিয়ে বাংলাদেশের সামনে গুরুত্বপূর্ণ এক সিরিজ। এখন লিটন দাসের নেতৃত্বে দল কতটা সমন্বিত পারফরম্যান্স দেখাতে পারে, সেটিই দেখার অপেক্ষা।